ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদে বলেছেন, শিক্ষক নামধারী কিছু কুলাঙ্গারের কারণে ছাত্র-ছাত্রীরা এখনো নিরাপদ নয়।
সোমবার সংসদ অধিবেশনে বেগম ফরিদুন্নাহার লাইলির প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের কিছু ঘটনা অভিভাবক, শিক্ষার্থী ও জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
“শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী নির্যাতনকারীদের কোনো জায়গা নেই।”- যোগ করেন মন্ত্রী।
স্কুল, কলেজে যাতায়াতের সময় ছাত্রীদের উত্যক্ত করার ঘটনা অনেকাংশে কমেছে দাবি করে মন্ত্রী বলেন, “ইভটিজিংয়ের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান হচ্ছে জিরো টলারেন্স।”
তিনি বলেন, ইভটিজিং ও ছাত্রী নির্যাতনের ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষককে চাকরি থেকে অপসারণ ও বিচারের জন্য সোপর্দ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের অনেক স্কুলের প্রধানকে নিয়ে সভা করে এ সব দুষ্কৃতকারী শিক্ষককে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৩৪টি সরকারি ও ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৮৬টি।
মন্ত্রী বলেন, ২০১১ সালে সরকারি বিশ্ববিদ্যালগুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ভর্তি প্রক্রিয়া চলমান, তাই এ মুহূর্তে প্রকৃত আসন সংখ্যা বৃদ্ধি কতটুকু হবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, ৫ ভাগ বাড়ানো হবে।
মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে উৎসাহিত করার মাধ্যমে উ”” শিক্ষার সুযোগ বাড়ানো হচ্ছে।
উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর ঢাকা ইউনিভার্সিটি অব প্রফেশনালস, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ছাড়াও রাঙ্গামাটিতে বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যায়, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় এবং একটি রবীন্দ্র বিশ্ববিদ্যায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নাহিদ।
৮৭৪৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়
মো. শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ জানান, দেশে বর্তমানে ৮ হাজার ৭৪৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওবিহীন অবস্থায় রয়েছে।
এর মধ্যে এক হাজার ৫৬৪টি স্কুল, এক হাজার ২৭৫টি মাদ্রাসা, ৬৩২টি কলেজ ও দুই হাজার ১৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের সবগুলো সরকারি কলেজে বর্তমানে সাড়ে তিন হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। বিসিএসের মাধ্যমে শিগগিরই শূন্যপদগুলো পূরণ করা হবে।
সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমিন বলেন, চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মোট শূন্যপদের ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পোষ্য ও ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের দিয়ে পূরণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/পিডি/২১৪৫ ঘ.
bdnews24