চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনে রাজধানী ঢাকার পর এবার দ্বিতীয় মহানগর হিসেবে চট্টগ্রামের প্রধান সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ হচ্ছে।
আগামী ১ জানুয়ারি থেকে চট্টগ্রাম নগরীর প্রধান সড়কের বহদ্দারহাট মোড় থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত সিডিএ এভিনিউতে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এ সড়কে ক্রসিং দিয়ে পারাপার করতে পারবে।
সোমবার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ।
সভায় চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে ব্যস্ততম এ সড়কে রিকশা চলাচল বন্ধ ছাড়াও অন্য ছয়টি সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
এগুলো হলো, জানুয়ারি থেকে অবৈধ রিকশাবিরোধী অভিযান চালানো, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মালিক- শ্রমিক, বিআরটিএ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে পরিবহন শ্রমিকদের গাড়ি চালনা ও নিরাপত্তা সচেতনতা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা, গণপরিবহন চলাচলের জন্য আগামী ছয় মাসের মধ্যে সিসিসির অধীনে নগরীতে ডেডিকেটেড লেইন (পৃথক লাইন) তৈরি, বিভিন্ন বিপণী কেন্দ্রের পার্কিং থেকে অবৈধ স্থাপনা সরিয়ে তা পার্কিংয়ের জন্য উন্মুক্ত করা, বিদ্যালয়ে গাড়ি পার্কিংয়ে নিজস্ব মাঠ ব্যবহার করা এবং এ বছরের মধ্যেই বিদ্যালয়গুলোর নিজস্ব বাস সার্ভিস চালু করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/২১০৭ ঘ.
bdnews24