২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় হাজারী খালাস

সম্পদ বিবরণী জমা না দেওয়ার কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করে পক্ষে রায় পেয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদ বিবরণী জমা না দেওয়ার কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করে পক্ষে রায় পেয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারী। সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের একক হাইকোর্ট বেঞ্চ হাজারীকে খালাস দিয়ে আপিল আবেদনের রায় দেয়। সম্পদ বিবরণীর হিসাব না দেওয়ায় ২০০৭ সালের ১৩ মে ফেনীর জ্যেষ্ঠ বিশেষ হাকিম হাজারীকে তিন বছরের কারাদণ্ড দেন। এর আগে ওই বছরের ১৮ ফেব্র“য়ারি হাজারী ও তার পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশন নোটিস দেয়। ওই নোটিসের জবাব না দেওয়ায় দুদকের ডেপুটি ডিরেক্টর শফিকুর রহমান ভূঁইয়া এই মামলা দায়ের করেন। ওই মামলায় তার এই কারাদণ্ড হয়। আদালতে হাজারীর পক্ষে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ও ওয়াজি উল্লাহ এবং দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম সরকার শুনানি করেন। খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মামলার রায় দেওয়ার সময় হাজারী পলাতক ছিলেন। পরে এই মামলাসহ অন্য মামলায় জামিনের জন্য তিনি হাইকোর্টে আসলে আদালত তাকে আত্মসমর্পণ করতে বলে। আত্মসমর্পণের পর হাজারী এই মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। সোমবার হাইকোর্ট ওই আপিল মঞ্জুর করে ওই মামলা থেকে হাজারীকে বেকসুর খালাস দিয়েছে, বলেন খুরশীদ আলম। রায়ে আদালত বলেছে, আপিল বিভাগের রায়ের আলোকে ওই সময়ে সম্পদ বিবরণীর হিসাব চেয়ে চিঠি দেওয়ার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের সচিবের ছিলো না। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তখনকার সংসদ সদস্য জয়নাল হাজারী ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর দেশ ছাড়েন। হাজারীর কর্মকাণ্ডের কারণে বিগত আওয়ামী লীগ সরকারকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিলো। আট বছর দেশের বাইরে থাকার পর বর্তমান সরকারের আমলে তিনি দেশে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০৩৫ ঘ.