২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকার দুই ভাগে ৯০ দিনে নির্বাচন’

বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রেখে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন বিল, ২০১১ এর প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রেখে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন বিল, ২০১১ এর প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সোমবার সন্ধ্যায় সংসদে প্রতিবেদন পেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নূর-ই আলম চৌধুরী। গত ২৩ নভেম্বর ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-এর সংশোধন বিল সংসদে উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ওই দিন বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেয় সংসদ। বিল উত্থাপনের পাঁচ দিনের মাথায় রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৪০তম বৈঠকে সংশোধন বিলটির প্রতিবেদন চূড়ান্ত করা হয়। ওই বৈঠকে কমিটির সভাপতি মো. রহমত আলী চিকিৎসাধীন থাকায় কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী সভাপতিত্ব করেন। রোববার তিনি জানান, বিলটি এ অধিবেশনেই পাস করা হবে। মঙ্গলবার নবম সংসদের একাদশ অধিবেশন শেষ হতে পারে বলে জানা গেছে। বিলের প্রতিবেদনে সুপারিশ সংসদীয় কমিটির প্রতিবেদনে সুপারিশ করা হয়, সিটি কর্পোরেশন বিভক্তির ফলে সৃষ্ট নতুন সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ক্ষেত্রে ৯০ দিনের বেশি সময় প্রশাসক থাকতে পারবে না। নিযুক্ত প্রশাসক কোনোভাবে একাধিকবার দায়িত্ব পালন করতে পারবে না। সুপারিশে আরো বলা হয়, নতুন সিটি কর্পোরেশনে ১৮০ দিন এবং মেয়াদোত্তীর্ণের ক্ষেত্রে ৯০ দিনের বেশি প্রশাসক নিযুক্ত থাকতে পারবেন না। সংশোধিত বিলে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রথম শ্রেণীর কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান থাকলেও স্থায়ী কমিটি ‘প্রথম শ্রেণীর কর্মকর্তা’ বাদ নিয়ে প্রজাতন্ত্রে নিযুক্ত কর্মকর্তাকেও প্রশাসক নিয়োগের সুপারিশ করেছে। নতুন সিটি কর্পোরেশন গঠনের ক্ষেত্রে প্রশাসক নিয়োগের বিধান রাখার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ সিটি কর্পোরেশনেও প্রশাসক নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য স্থানীয় সরকার আইনের কর্পোরেশনের মেয়াদ বিষয়ক একটি উপবিধান বাদ দেওয়া সুপারিশ করেছে। কর্পোরেশনের মেয়াদ হবে পাঁচ বছর। ‘তবে শর্ত থাকে যে, সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তা পুনর্গঠিত সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবে’- এই বিধানটি বিলুপ্তির সুপারিশ রয়েছে প্রতিবেদনে। সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে স্থায়ী কমিটির সুপারিশ হলো- কর্পোরেশন বিভক্ত করে একাধিক সিটি কর্পোরেশন গঠন করা হলে নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে হবে। এছাড়া সিটি কর্পোরেশন বাতিল বা বাতিলের আদেশ জারির পরবর্তী ৯০ দিনের মধ্যে (আগে ১৮০ দিন ছিল) নির্বাচন করার সুপারিশ রয়েছে প্রতিবেদনে। বিদ্যামান আইনে নতুন সিটি কর্পোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যে এবং পুরাতন কর্পোরেশন মেয়াদোত্তীর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের যে বিধান রয়েছে সেটি বহাল রাখার সুপারিশ রয়েছে। বিলে যা বলা হয় গত বুধবার সংশোধন বিলটি উত্থাপন করা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০১১ বিলটি সংসদে পাস হয়ে আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনের বর্তমান গঠন বিলুপ্ত হবে এবং পরবর্তী সিটি কর্পোরেশন গঠন না হওয়া পর্যন্ত সরকার দুই সিটি কর্পোরেশনের জন্য প্রশাসক নিয়োগ করার বিধান রয়েছে। বিল অনুযায়ী, বর্তমান মেয়র ও কাউন্সিলররা আর তাদের পদে বহাল থাকতে পারবে না এবং উপযুক্ত কোনো ব্যক্তি বা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করতে পারবে সরকার। এছাড়া সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলাবাহিনী নিয়োগে সেনা মোতায়েনের আইনী সুযোগও বাদ দিয়ে বিলে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পবিবর্তন আনা হয়। আইনের প্রথম তফসিলে পরিবর্তন করে দুই সিটি কর্পোরেশনের জন্য ওয়ার্ড ভাগ করে দেওয়া হয়েছে। তাতে ঢাকা সিটি কর্পোরেশনের ১ থেকে ২৩, ৩৭ থেকে ৪৭ পর্যন্ত এবং ৫৪ ও ৫৫ ওয়ার্ড (মোট ৩৬টি) প্রস্তাবিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ২৪ থেকে ৩৬, ৪৮ থেকে ৫৩, ৫৬ থেকে ৯২ পর্যন্ত ওয়ার্ড (মোট ৫৬টি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনে নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে ২০০৭ সালের মে মাসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৩৬ ঘ.