২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতের কবলে টিভি অনুষ্ঠানের দল

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এটিএন নিউজের ‘কানেক্টিং বাংলাদেশ’ নামে একটি অনুষ্ঠান ইউনিটের ছয় সদস্য ডাকাতের কবলে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

জয়পুরহাট, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এটিএন নিউজের ‘কানেক্টিং বাংলাদেশ’ নামে একটি অনুষ্ঠান ইউনিটের ছয় সদস্য ডাকাতের কবলে পড়েছেন। সোমবার প্রথম প্রহরে উপজেলার বটতলী-শালবন নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অবশ্য পুলিশ ডাকাত দলের ছয় সদস্যসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে। এলাকা ভিত্তিক সমস্যা নিয়ে ‘কানেক্টিং বাংলাদেশ’ অনুষ্ঠানটি প্রচার করে এটিএন নিউজ। অনুষ্ঠানটির প্রযোজক আবু রেজওয়ান ইউরেকা ও সহকারী প্রযোজক মাজহার বাবু সাংবাদিকদের জানান, অনুষ্ঠানের ভিডিওচিত্র ধারণ ও তথ্য সংগ্রহ করতে তাদের দলটি জয়পুরহাট আসছিলো। পথে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে রাত সোয়া ২টার দিকে ১৫/১৬ জনের একটি ডাকাত দল শালবন নামক স্থানে রাস্তায় গাছ ফেলে তাদের মাইক্রোবাস থামায়। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এটিএন নিউজের ক্যামেরা, নগদ ৫০ হাজার টাকা ও নয়টি মোবাইল ফোন নিয়ে যায়। জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছয় ডাকাতসহ টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার তেঘর দণ্ডপানি গ্রামের নাজিমুদ্দিনের ছেলে শাহারুল ইসলাম, ক্ষেতলাল উপজেলার তিলাবুদুল মৃধাপাড়া গ্রামের প্রয়াত তছির উদ্দিনের ছেলে লুলু মিয়া, একই উপজেলার উত্তর মহেশপুর গ্রামের প্রয়াত উম্মত আলীর ছেলে শাহাবুদ্দিন, কালাই উপজেলার মহিরুম গ্রামের ইম্মত উল¬াহর ছেলে আফতাব হোসেন ইমন, একই উপজেলার নান্দাইল গ্রামের হোসেন আলীর ছেলে মোতালেব হোসেন এবং নওটিকা গ্রামের প্রয়াত আজগর আলীর ছেলে সুজাউল ইসলাম। চলতি মাসে এ নিয়ে জেলায় তিনটি ডাকাতির ঘটনা ঘটলো। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২৬ ঘ.