২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ বছর আগের মামলায় মজিদুল হক খালাস

১৫ বছর আগে করা একটি দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন সাবেক পানিসম্পদমন্ত্রী মজিদ উল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 07:00 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ বছর আগে করা একটি দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন সাবেক পানিসম্পদমন্ত্রী মজিদ উল হক। সোমবার দুপুরে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল মজিদ এ মামলার রায় দেন। রায়ের প্রতিক্রিয়ায় মজিদ উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্নীতির মামলাগুলোর অধিকাংশই মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক। এ মামলাটিও হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল।” অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মজিদুল ১৯৯১-৯৬ মেয়াদে খালেদা জিয়া সরকারের মন্ত্রী ছিলেন। মাগুরার এই নেতা বিএনপির স্থায়ী কমিটিরও সাবেক সদস্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৯৯৬ সালের ২০ অক্টোবর মতিঝিল থানায় মজিদুলের বিরুদ্ধে মামলাটি করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। মামলায় অভিযোগ করা হয়, পানিসম্পদমন্ত্রী থাকাকালে সরকারি বিধিমালা লঙ্ঘন করে সরকারি কাজে ব্যবহারের জন্য কেনা দুটি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন মজিদুল। পাশাপাশি যাতায়াতের জন্য জ্বালানি, গাড়ি চালকের বেতন, মেরামতসহ অন্যান্য খাতে সরকারি টাকা অবৈধভাবে খরচ করেন তিনি। এতে সরকারের ২০ লাখ ৩ হাজার ৪৩৪ টাকা টাকা অপচয় হয় বলে অভিযোগ আনা হয়। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর মজিদুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষে ১১ জনের মধ্যে ৮ জনের সাক্ষ্য নিয়ে সোমবার রায় হলো। রায়ের প্রতিক্রিয়ায় মজিদুলের আইনজীবী মো. আকতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব মামলার কারণে প্রকৃত দুর্নীতির ঘটনার মামলা থেকে আসল দুর্নীতিবাজরা পার পেয়ে যান।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২৫৫ ঘ.