ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাজারবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রাজারবাগ পুলিশ লাইনের ৩ নম্বর গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আহত কনস্টেবল মোতালেব হোসেন ওই সময় বিমানবন্দরে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়েছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার ফ্লাইটে মোতালেবের সুদান যাওয়ার কথা ছিলো। তিনি বাংলাদেশ পুলিশের সুদান মিশনে নয় মাস ধরে দায়িত্ব পালন করছেন।
১৫ দিন আগে ছুটিতে বাংলাদেশে আসেন মোতালেব।
মোজাম্মেল বলেন, “মোতালেব বাসের জন্য রাস্তায় দাঁড়িয়েছিলো। তিন-চারজন ছিনতাইকারী হেঁটে এসে তার মাথায় ও ডান হাতে চাপাতি দিয়ে আঘাত করে তার ব্যাগে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ডলার, পাসপোর্ট ও ভিসা ছিলো।”
পথচারীরা মোতালেবকে সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে তাকে রাজারবাগে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চাপাতির আঘাতে মোতালেবের মাথার আঘাত গুরুতর না হলেও ডান হাতের কব্জি অনেকটাই কেটেছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।
মোতালেব হোসেনের বাড়ি বরগুনা জেলায়। সুদানের মিশনে যোগ দেওয়ার আগে তিনি পটুয়াখালী জেলায় কর্মরত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/১১২৭ ঘ.
bdnews24