ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে ধর্মঘট ডেকে দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার সেবা কার্যক্রম অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন।
রোববার সকালে নগর ভবনের সামনে পুলিশের সঙ্গে ডিসিসি কর্মচারীদের সংঘর্ষের পর বিকালে ঢাকা মহানগর অডিটোরিয়ামে ফেডরেশনের এক জরুরি সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসিসি বিভক্ত হলে সরকারের সর্বিক খরচ বেড়ে যাবে। অন্যদিকে নগরবাসীর সেবার মান কমে যাবে। এতে লাভবান হবে কয়েকজন আমলা।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ঢাকাসহ দেশের ৮টি সিটি কর্পোরেশন এবং ৩০৬টি পৌরসভা এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়কে বিদ্যুৎ জ্বালানোসহ সব ধরনের সেবামূলক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে সভায় ঘোষণা দেওয়া হয়।
প্রশাসক নিয়োগের বিধান রেখে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে গত ২৩ নভেম্বর জাতীয় সংসদে একটি বিল তোলা হয়। এর আগে এ প্রস্তাবে সম্মতি দেয় মন্ত্রিপরিষদ।
ঢাকার ৯২টি ওয়ার্ডের মধ্যে ৫৬টি নিয়ে দক্ষিণে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে আরেকটি সিটি কর্পোরেশন গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে।
সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ঢাকা মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।
তিনি বলেন, “ঢাকা সিটি কর্পোরেশনকে দ্বিখণ্ডিত না করে অবিলম্বে নির্বাচন দিন। আমি পরবর্তী নির্বাচনে প্রার্থী হব না।”
সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ডিসিসির কর্মচারীরা রোববার সকালে নগর ভবনের সামনে মানববন্ধন করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত ২৫ আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২১২৮ ঘ.
bdnews24