ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যরা এখনো প্রত্যেকে ১৫ কোটি টাকা বরাদ্দ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে রাব্বি মিয়া।
এ নিয়ে এমপিদের ‘রসিকতার পাত্র’ করে না তুলতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বানও জানান তিনি।
রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই সংসদ সদস্য বলেন, “আমরা এলাকায় গিয়ে জনগণের প্রশ্নের জবাব দিতে পারি না। ”
তার বক্তব্যের পর মহাজোটের সাংসদরা টেবিল চাপড়ে তাকে সমর্থন করেন।
এই অর্থ বিষয়ে প্রধানমন্ত্রীর ‘প্রতিশ্র“তির’ কথা উল্লেখ করে ফজলে রাব্বি মিয়া বলেন, “সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রতিশ্র“তি দিয়েছিলেন যে প্রত্যেক সংসদ সদস্যকে তার এলাকার উন্নয়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দেবেন। এ বিষয়টি নিয়ে গত ২৫ অক্টোবর সংসদে প্রত্যেক সংসদ সদস্যই দাবি তোলেন।”
এমপিদের দাবির মুখে সংসদে উপস্থিত অর্থমন্ত্রী বিষয়টি ২৫ নভেম্বরের মধ্যে সুরাহা করার প্রতিশ্র“তি দেন উল্লেখ করে এ সাংসদ বলেন, “কিন্তু ২৫ নভেম্বর পার হলেও এ বিষয়ে আজ পর্যন্ত কোনো অগ্রগতি নেই।”
“পত্রিকায় এ ব্যাপারে রিপোর্ট হচ্ছে ‘এমপিদের সঙ্গে অগ্রাধিকার নিয়ে রসিকতা’।”- যোগ করেন তিনি।
রাব্বি মিয়া বলেন, “নির্বাচনের সময় এলাকার উন্নয়নের জন্য আরো যে প্রতিশ্র“তি দিয়েছিলাম সেসব প্রতিশ্র“তি বাস্তবায়ন করতে পারিনি।”
অর্থমন্ত্রী এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন এ সাংসদ।
স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে পাঁচ বছরের জন্য প্রত্যেক সাংসদকে গড়ে ১৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তের কথা গত ১০ মার্চ সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।
সংরক্ষিত আসনের নারী সাংসদ এবং সিটি কর্পোরেশন থেকে নির্বাচিত সাংসদদের এ প্রকল্পের বাইরে রাখা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০০১ ঘ.
bdnews24