ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে সিরিজ বোমা হামলার মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন, মো. ফারুক হোসেন (৩৯), মো. আবুল হোসেন (২৭) ও মো.আবদুল গাফফার (২৯)।
শনিবার বিকাল ও রোববার ভোরে ঢাকার ধামরাই ও কাফরুল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০০৫ সালের ১৭ অগাস্টে সিরিজ বোমা হামলার মামলায় ওই তিন জন এতোদিন পলাতক ছিলেন।
১৭ অগাস্টের বোমাহামলার ঘটনায় সারাদেশে মোট ৩২২টি মামলা হয়েছিলো। এর মধ্যে ২৮৯টির অভিযোগপত্র দেওয়া হয়। ১১৫টি মামলার বিচার শেষ হয়েছে। এরই মধ্যে এসব মামলায় ২৪ জনকে মৃত্যুদণ্ড পেয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ১৩১ জনের। ১৮৪ জন পেয়েছেন বিভিন্ন মেয়াদে সাজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮৫৪ ঘ.
bdnews24