২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জবাব দিতে হবে নুরুল কবিরকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত একটি লেখা নিয়ে আদালতের নোটিসের জবাব আবার দিতে হবে ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত একটি লেখা নিয়ে ইংরেজি দৈনিক নিউ এইজের প্রকাশক, সম্পাদক ও বিশেষ প্রতিবেদন সম্পাদককে নোটিসের শুনানি আগামী ১ ডিসেম্বরও চলবে। সেদিন ওই নোটিসের জবাব আবার দিতে হবে দৈনিকটির সম্পাদক নুরুল কবিরকে। গত ৩ অক্টোবর পত্রিকাটির প্রকাশক এ এস এম শহীদুল্লাহ খান, সম্পাদক নুরুল কবির ও সম্পাদক ডেভিড বার্গম্যানকে (বিশেষ প্রতিবেদন) এ নোটিস দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই তিনজনকে কেন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা যাবে না তার ব্যাখ্যা চাওয়া হয় নোটিসে। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগ গঠনের বিষয় নিয়ে নিউ এইজে গত ২ অক্টোবর বার্গম্যানের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুঃসময়’ (A crucial period for the International Crimes Tribunal) শিরোনামের একটি লেখা প্রকাশ হয়। রোববার নোটিশের জবাব গ্রহণের নির্ধারিত দিনে প্রকাশক ও বিশেষ প্রতিবেদন সম্পাদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। এদিন ডেভিড বার্গম্যানের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী। সম্পাদক নুরুল কবির নিজে লিখিত বক্তব্য উপস্থাপন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে, এটি ঠিকভাবে লেখা হয়নি। তাকে পুনরায় লিখিত বক্তব্য উপস্থাপনের আদেশ দিয়ে আগামী ১ ডিসেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বলেছে, প্রকাশিত ওই লেখার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। নোটিসে বার্গম্যানের ওই লেখার চারটি অনুচ্ছেদকে আক্রমণাত্মক বলে উল্লেখ করে ট্রাইব্যুনাল। রোববার এ নোটিসের শুনানির সিদ্ধান্ত গত ২৩ অক্টোবর নেয় ট্রাইব্যুনাল। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইনজীবী দল ও তদন্ত সংস্থা গঠিত হওয়ার পর এ পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামীর সাত শীর্ষ নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন হয় গত ৩ অক্টোবর। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার অন্যরা হলেন- জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী আটক রয়েছেন। একই দলের জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম আটক হলেও শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেআর/বিডি/আরআরডি/পিডি/১৮৪৬ ঘ.