২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নীতি বাস্তবায়নে কর্মপরিকল্পনা হচ্ছে: প্রতিমন্ত্রী

নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নে ওই নীতির আলোকে একটি জাতীয় কর্মপরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নে ওই নীতির আলোকে একটি জাতীয় কর্মপরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জেন্ডার সমতা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চার মাসের মধ্যে এ কর্মপরিকল্পনার একটি খসড়া প্রণয়ন করে সবার সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে চূড়ান্ত করা হবে।” সরকার নারীর সামগ্রিক উন্নয়নে নীতিমালার আলোকে প্রতিটি ক্ষেত্রে কার্যক্রম চালাচ্ছে বলেও উল্লেখ করেন শিরীন শারমিন চৌধুরী। “এটি যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি কাজটি সহজ নয়। এজন্য সামাজিক কাঠামোর মধ্যে থেকেই সামাজিক প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে।” কিশোর-কিশোরীদের সামাজিক ও মানসিক উন্নয়নে দেশের প্রতিটি ইউনিয়নে ‘কিশোর-কিশোরী ক্লাব’ গঠন করা হচ্ছে বলেও প্রতিমন্ত্রী জানান। চলতি বছর ৭ মার্চ মন্ত্রিসভার বৈঠকে জাতীয় নারী উন্নয়ন নীতি অনুমোদন করা হয়। কয়েকটি ইসলামপন্থী দল এর বিরুদ্ধে হারতালও করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ অনুষ্ঠানে বলেন, “জেণ্ডার সমতার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। ৪০ বছর আগে সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ ছিলো খুবই কম, এখন এক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। পাশাপাশি সুযোগও তৈরি হয়েছে।” তিনি বলেন, আগে প্রমাণ করতে হতো যে, মেয়েরাও কাজ করতে পারে। আর এখন এ বিষয়টি প্রমাণিত যে, মেয়েরা কাজ করতে পারে। “এটি নারী সমাজের জন্য বড় প্রাপ্তি”, যোগ করেন বেবী মওদুদ। এ দেশে নারীর অগ্রযাত্রায় বেগম রোকেয়া ও সুফিয়া কামালের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “তারা তৃণমূলে গিয়ে নারীদের জন্য কাজ করেছে, আমাদেরও সেভাবে কাজ করতে হবে।” তিনি বলেন, সরকার বাদলালেই নারীর উন্নয়নে নেওয়া কার্যক্রম বাদ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জাতিসংঘ নারী বিষয়ক সংস্থা ইউএনউইমেনের বাংলাদেশ শাখার ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার নাহিদ এম আহমেদ বলেন, তার সংস্থা বিশ্বের ১২টি দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং লিঙ্গ বৈষম্য কমাতে কাজ করে যাচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক আরমা দত্ত বলেন, লিঙ্গ সমতা আনার লক্ষ্যে সরকারের ওপর নির্ভর না আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্ট আয়োজিত ওই কর্মশালায় আরো বক্তব্য দেন সংসদ সদস্য খাদিজা খাতুন শেফালী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আর হক মিনু, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান টুলু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮২৭ ঘ.