ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলনের শাহাদাতবার্ষিকী রোববার। তার কথা স্মরণ করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, মিলনের আত্মত্যাগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছিল।
১৯৯০ সালের ২৭ নভেম্বর এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে ডা. মিলন বিএমএ-এর সভায় যোগ দিতে ঢাকা মেডিকেল কলেজ থেকে রিকশায় তখনকার পিজি হাসপাতালে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সেনাশাসক এইচএম এরশাদের মদদপুষ্ট সন্ত্রসীদের গুলিতে নিহত হন।
সেই থেকে প্রতিবছর দিনটিকে ‘শহীদ মিলন দিবস’ হিসেবে পালন করে আসছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
মিলনের মৃত্যুর পর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানীসহ সারাদেশ। ৬ ডিসেম্বর পতন ঘটে এরশাদ সরকারের।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ডা. মিলন এক উজ্জ্বল নক্ষত্র।”
“মিলনের আত্মত্যাগ চলমান গণতান্ত্রিক আন্দোলনকে গণঅভ্যুত্থানের রূপ দেয়, পথ সুগম হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার”, যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
মিলন দিবসের আয়োজন
শহীদ মিলন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শহীদ ডা. মিলন সংসদসহ বিভিন্ন দল ও সংগঠন।
রোববার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে আওয়ামী লীগ।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সকাল ৮টায় মেডিকেল কলেজ প্রাঙ্গণে মিলনের কবর জিয়ারত করে এবং সকাল সাড়ে ৮টায় টিএসসির সড়কদ্বীপে মিলন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। একই সময়ে মিলন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
শহীদ ডা. মিলন সংসদ সকাল ৮টায় মিলনের সমাধিতে এবং সাড়ে ৮টায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। বিকাল ৩টায় টিএসসির শহীদ মিলন চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০৮৪০ ঘ.
bdnews24