২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ ডিসেম্বর মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি তেল-গ্যাস কমিটির

কনোকো-ফিলিপসের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর চুক্তির মেয়াদ না বাড়ানো, ফার্নেস অয়েল বা ডিজেল ব্যবহার করে স্বল্প মাত্রায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে আগামী ২৯ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 05:00 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম)- কনোকো-ফিলিপসের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর চুক্তির মেয়াদ না বাড়ানো, ফার্নেস অয়েল বা ডিজেল ব্যবহার করে স্বল্প মাত্রায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে আগামী ২৯ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার শহীদ মিনারে নাগরিক এ কমিটির সমাবেশ থেকে চার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। সাতটি দাবিতে জনমত গঠনে ডিসেম্বর মাসজুড়ে দেশব্যপী আলোচনা, গান, নাটক, তথ্যচিত্র, আলোকচিত্র প্রদর্শনী ও সমাবেশের পর ২৯ ডিসেম্বর মন্ত্রণালয় ঘেরাও করা হবে। জানুয়ারিতে সংসদ অভিমুখে পদযাত্রার পর আগামী ১৫ মার্চ সারাদেশে রাজপথে অবস্থান কর্মসূচি পালনেও ঘোষণা দেওয়া হয়েছে সমাবেশে। কর্মসূচি ঘোষণার পর কমিটির সভাপতি প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, “এই সময়কালে এসব দাবি পূরণে টালবাহানা করলে কিংবা জাতীয় স্বার্থবিরোধী কোনো উদ্যোগ গ্রহণ করলে অবরোধ বা হরতাল কর্মসূচিও দেওয়া হতে পারে।” তেল-গ্যাস রক্ষা কমিটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মডেল পিএসসি ২০০৮ বাতিল, স্থলভাগে ও অগভীর সমুদ্রে মডেল ২০১১ পিএসসি চুক্তির প্রক্রিয়া বাতিল, রাষ্ট্রীয় উদ্যোগে স্থাপিত পুরনো গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আধুনিকায়ন, সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে বাপেক্সের মাধ্যমে গ্যাস উত্তোলন, ফুলবাড়ি চুক্তি পূর্ণ বাস্তবায়ন। একই সঙ্গে জ্বালানি সম্পদ অনুসন্ধান, উত্তোলন, বিতরণ ও গবেষণার জন্য একটি জাতীয় সংস্থা গঠনেরও দাবি জানিয়েছে তারা। কয়েক হাজার মানুষের ওই সমাবেশে বক্তব্য বিকালে হলেও দুপুর থেকেই চলছিল সঙ্গীত পরিবেশনা। দেশের বিভিন্ন স্থান থেকে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এ সমাবেশে যোগ দেন। মহাজোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সমাবেশে বলেন, “জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য সরকার আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাত দিচ্ছে। কিন্তু আমরা হিসাব করে দেখেছি এজন্য বাড়েনি। সংসদে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন সমস্যাকে বাড়িয়ে দেবে। এর কারণেই আজ অতিরিক্ত ১০ লাখ টন ডিজেল আমদানি করতে হচ্ছে।” কয়লা খনির বিষয়ে ফুলবাড়িবাসীর সঙ্গে করা চুক্তির বিষয়ে তিনি বলেন, “আমাদের আজকের প্রধানমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন, তিনি কথা দিয়েছিলেন যে তিনি এই চুক্তি বাস্তবায়নের পক্ষে। কিন্তু এখন লক্ষ্য করছি, সংসদীয় কমিটিও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষে।” কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তিরও বিরোধিতা করেন সরকারের শরিক দলের এই নেতা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেন, “আজ গ্যাস-বিদ্যুৎ সঙ্কটের কারণে শত শত কারখানা চলতে পারছে না। অথচ প্রতিটা সরকার একের পর এক চুক্তি করে গেছে, যার কোনোটিই প্রকাশ্য নয়।” জ্বালানি খাতে করা সব চুক্তি প্রকাশের দাবি জানান তিনি। তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ গ্যাস উত্তোলন এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য রাষ্ট্রীয় সংস্থাকে কাজে লাগানোর সুপারিশ জানিয়ে বলেন, “সরকার এই সহজ পথে যায়নি। বিদেশি কোম্পানি, বিশ্বব্যাংক এবং আইএমএফের সব শর্ত মেনে নেওয়ার আজ ঋণগ্রস্ততা বেড়েছে, দারিদ্র বেড়েছে, ভর্তুকি বেড়েছে।” সিপিবি নেতা এম এম আকাশ অনবায়নযোগ্য জ্বালানি রপ্তানি নিষিদ্ধের দাবি জানান। কৃষিজমির ক্ষতি করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরোধিতা করেন তিনি। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভুঁইয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, জাতীয় গণফ্রন্টের অন্যতম সমন্বয়ক টিপু বিশ্বাস, গণসংহতি অন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, লেখক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২২৫৫ ঘ.