২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ইউপি সদস্য ছুরিকাহত

আওয়ামী লীগ নেতার কথামতো ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’র তালিকা না করায় বাগেরহাটে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

বাগেরহাট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতার কথামতো ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’র তালিকা না করায় বাগেরহাটে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে শরণখোলা উপজেলার কদমতলা গ্রামে এ ঘটনায় আহত শহিদুল ইসলাম মোল্লা (৪২) রায়েন্দা ইউনিয়ন পরিষদের সদস্য। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শরণখোলা থানার ওসি মো. আজিজুল হক জানান, শুক্রবার বেলা ১২টার দিকে কদমতলার একটি স্থানীয় মাদরাসা চত্বরে বসে এলাকাবাসীর উপস্থিতিতে রায়েন্দা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’র তালিকা যাছাইবাছাই চলছিল। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন শরীফের নেতৃত্বে ১০-১২ জন লোক এসে ইউপি সদস্য শহিদুল মোল্লার কাছে তালিকা দেখতে চান। শহিদুল মোল্লা ওই সময় উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা ও প্রকল্পের ট্যাগ অফিসার ফোরকানুল ইসলামের উপস্থিতিতে নামের তালিকা ঘোষণা করেন। কিন্তু তালিকায় পছন্দের লোকদের নাম না থাকায় খোকন শরীফ সহযোগীদের নিয়ে হইচই শুরু করেন। এক পর্যায়ে তারা শহিদুল মোল্লাকে মারধর এবং মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এই ঘটনায় এখনো কেউ থানায় আসেনি বলে জানান ওসি আজিজুল। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা খোকন শরীফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০১৬ ঘ.