২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভী শপথ নিচ্ছেন রোববার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে রোববার শপথ নেবেন সেলিনা হায়াত আইভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে রোববার শপথ নেবেন সেলিনা হায়াত আইভী। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আইভীকে শপথ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী আইভী শনিবার সাংবাদিকদের বলেন, রোববার শপথ গ্রহণ করলেও তিনি দায়িত্ব গ্রহণ করবেন আগামী ১ ডিসেম্বর। আইভী শপথ নেওয়ার পর নির্বাচিত ২৭ সাধারণ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত নারী কাউন্সিলরকে শপথ করাবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শপথ গ্রহণ অনুষ্ঠানে মেয়রের সঙ্গে ৩৫ জন ও কাউন্সিলরদের সঙ্গে দুই জন অতিথি যেতে পারবেন। আইভী বলেন, “আমি নিজে প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময়ে সিদ্ধিরগঞ্জ ও বন্দরের সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে বসবো।” কোনো কাজে সিদ্ধিরগঞ্জ ও বন্দরের বাসিন্দাদে কষ্ট করে নারায়ণগঞ্জ নগরভবনে সময় ও অর্থ খরচ করে না আসলেও চলবে বলে মন্তব্য করেন তিনি। তিন পৌরসভা- নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদম রসুল (বন্দর উপজেলার অন্তর্ভুক্ত) নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠন করা হয় গত ৫ মে। এ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে এক লাখ দুই হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াত আইভী। ভোট গ্রহণ শুরুর সাড়ে সাত ঘণ্টা আগে ওই নির্বাচন থেকে নিজেদের প্রার্থীকে প্রত্যাহার করে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএইচপি/২০১৩ ঘ.