২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর গাড়িকে অতিক্রম করায়

গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের গাড়িবহরকে অতিক্রম করায় এক বাস চালককে মারধর করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 05:30 PM

Updated : 24 Aug 2022, 04:56 PM

গাইবান্ধা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের গাড়িবহরকে অতিক্রম করায় এক বাস চালককে মারধর করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলায় ফাঁসিতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এস আর পরিবহনের একটি বাস জি এম কাদেরের গাড়ি অতিক্রম করলে এই ঘটনা ঘটে বলে বাসচালক ও যাত্রীরা জানিয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস মারপিট করার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওভারটেক করার কারণে কোচটি আটক করা হয়েছিল। পরে ছেড়ে দেয়া হয়েছে।” বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী বাসটি মন্ত্রীর গাড়িতে অতিক্রমের পর পুলিশ উপজেলা শহরের অদূরে ফাঁসিতলা বাসস্ট্যান্ডে এটিকে আটক করে। পরে পুলিশ চালক কামাল হোসেন ও হেলপার উজ্জ্বলকে গাড়ি থেকে নামিয়ে লাঠিপেটা করে। কামাল মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমি গাড়ি নিয়ে বগুড়ার মাটিডালি থেকে মন্ত্রীর গাড়িবহরের পেছনে পেছনে আসছিলাম। কিন্তু মন্ত্রীর গাড়িবহর ধীরগতিতে যাচ্ছিল। তাই মোকামতলা বাজার পার হয়ে মন্ত্রীর গাড়িবহর ওভারটেক করলে পুলিশ ফাঁসিতলা বাজারে আমার কোচটি আটক করে আমাকে ও হেলপারকে মারপিট করে।” পরে মন্ত্রী গাড়িবহর নিয়ে ঘটনাস্থলে এলে কামাল মন্ত্রীর কাছে ক্ষমা চান। মন্ত্রী ক্ষমা করে দেন বলেও বাসচালক জানান। এস আর পরিবহনের যাত্রী রংপুরের কলেজ ছাত্র রাজু ও লালমনিরহাটের বাসিন্দা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ চালক ও হেলপারকে লাঠিপেটা করেও খান্ত হয়নি। মন্ত্রী চলে যাওয়ার পর কোচটি আটক করে থানায় নিয়ে যাওয়ারও চেষ্টা করে। ওই সময় পুলিশ যাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার করে। পরে বাসযাত্রী কয়েকজন সরকারি কর্মকর্তার হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর পুলিশ বাসটি ছেড়ে দেয় বলে জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২৩২৬ ঘ.