২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর পৌর নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ

ভোটার তালিকা হালনাগাদ করে অবিলম্বে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকা হালনাগাদ করে অবিলম্বে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি রিটের নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই রায় দেয়। মঞ্জুরুল ইসলাম নামে চাঁদপুরের এক বাসিন্দার করা রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত এই রায় দেয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু প্রমুখ। ওই নির্বাচনে বিএনপি সমর্থিত এক প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ২৭ জুন হাই কোর্ট ‘ওই নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না’ মর্মে রুল জারি করে। মাহবুব উদ্দিন খোকন খোকন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩১ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করে কমিশন তফসিল ঘোষণার পর রিটটি দায়ের করা হয়েছিলো। আদালতের আদেশে ওই সময় নির্বাচন হয়নি। এর আগে গত বছর একই রিটকারীর অন্য একটি রিটে হাই কোর্ট ওই নির্বাচন স্থগিত করেছিলো। ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন করার নির্দেশ দিয়ে ওই রিটেরও নিষ্পত্তি করেছিলো আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২৪১ ঘ.