শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সপ্তাহে ছয়টি প্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) লাইসেন্স দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয়টি প্রতিষ্ঠান লাইসেন্স ফি’সহ অন্যান্য প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করেছে।
“আইটিসি লাইসেন্স ছাপানোর কাজ চলছে, আগামী সপ্তাহে লাইসেন্স হস্তান্তর করা হবে,” বলেন তিনি।
নীতিমালা অনুযায়ী, লাইসেন্স প্রাপ্তির পর আগামী ৬ মাসের মধ্যে আইটিসি লাইসেন্স প্রাপ্তদের কাজ শুরু করতে হবে। এ হিসেবে আগামী মে মাসের মধ্যে এ প্রতিষ্ঠানগুলোকে কাজ শুরু করতে হচ্ছে।
বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের জন্য শুধু একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। তবে সংযোগ প্রায়ই বিচ্ছিন্ন হওয়ায় দেশের টেলিযোগাযোগসহ অন্যান্য খাতও ক্ষতির সম্মুখীন হচ্ছে।
লাইসেন্সপ্রাপ্ত অপারেটররা টেরেস্ট্রিয়াল অপটিক্যাল ফাইবার লাইনের মাধ্যমে পাশের দেশ থেকে টেলিযোগাযোগ কোম্পানির সঙ্গে সংযুক্ত হয়ে বিকল্প ব্যবস্থায় বাংলাদেশকে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে পারবে।
আইটিসি ছয়টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করলে ইন্টারনেট আরো সহজলভ্য হবে এবং গ্রাহকরা নানা সুবিধা ভোগ করতে পারবে বলে জানান জিয়া আহমেদ।
বিটিআরসি মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্স) এ কে এম শহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয়টি প্রতিষ্ঠান ২ কোটি টাকা করে লাইসেন্স বাবদ জমা দিয়েছে।
লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- নভোকম লিমিটেড, ওয়ান এশিয়া-এএইচএলজেভি, বিডি লিংক কমিউনিকেশন লিমিটেড, ম্যাংগো টেলিসার্ভিসেস লিমিটেড, সামিট কমিউনিকেশন লিমিটেড এবং ফাইবার এ্যাট হোম লিমিটেড।
লাইসেন্স দেওয়ার লক্ষ্যে গত ৩১ মার্চ লাইসেন্সিং গাইডলাইনের বিজ্ঞাপন প্রকাশ করে সরকার। লাইসেন্সিং গাইডলাইনের বিজ্ঞাপনে সর্বোচ্চ তিনটি লাইসেন্স দেওয়ার কথা উল্লেখ ছিল। পরে তিনটি লাইসেন্সের পরিবর্তে ছয়টি লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
গাইডলাইন প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নয়টি কোম্পানি ওই লাইসেন্স নেওয়ার জন্য বিটিআরসিতে আবেদন করে। প্রকাশিত গাইডলাইনে একটি মূল্যায়ন কমিটি গঠনের কথা উল্লেখ ছিল।
গাইডলাইন অনুযায়ী বিটিআরসি ২০ সদস্যবিশিষ্ট একটি মূল্যায়ন কমিটি গঠন করে। এই কমিটি গাইডলাইনে নির্ধারিত নির্বাচনের মানদণ্ড অনুযায়ী প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের ক্রম তৈরি করে লাইসেন্স দেওয়ার সুপারিশ করে।
মূল্যায়ন কমিটি প্রকাশিত গাইডলাইনে নির্ধারিত নির্বাচন পদ্ধতি অনুযায়ী মূল্যায়ন করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের ক্রম তৈরি করে লাইসেন্সিং গাইডলাইনের শর্ত অনুযায়ী প্রথম থেকে ষষ্ঠ স্থান অধিকারী আবেদনকারীদের নির্বাচন করে লাইসেন্স দেওয়ার সুপারিশ করে। ১০০ নম্বরের মধ্যে এ নম্বর দেওয়া হয়।
সব প্রক্রিয়া শেষে গত ১৩ সেপ্টেম্বর ছয়টি প্রতিষ্ঠানকে আইটিসি লাইসেন্স দেওয়ার জন্য চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২২২৫ ঘ.
bdnews24