২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হবিগঞ্জ, বাগেরহাট ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ, বাগেরহাট ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বরে শুক্রবার দুপুরে মাইক্রোবাসের ধাক্কায় মহিবুর রহমান (২৬) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হন। মোটর সাইকেলের আরেক আরোহী লুৎফুর রহমানও (২৫) আহত হন এ দুর্ঘটনায়। নবীগঞ্জ থানার ওসি জসীম উদ্দিন জানান, নিহত মহিবুর রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা। আহত লুৎফুরকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক পালিয়ে গেছে বলেও ওসি জানান। এদিকে বাগেরহাট থেকে আমাদের প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় ‘রূপসী পরিবহনের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শেখ আব্দুস সালাম (৩০) নামের এক যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি মো. আজিজুল হক জানান, বাসটি মাদারিপুর থেকে খুলনা যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালামের মৃত্যু হয়। আহতদের মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নওগাঁ প্রতিনিধি জানান, জেলার মান্দা উপজেলায় ফেরিঘাট মসজিদের সামনে শুক্রবার সকালে ট্রাক্টরের চাপায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকি জানান, পরিবারের সদস্যদের নিয়ে ট্রাক্টরে করে মান্দার কুসুম্বা মসজিদে যাচ্ছিলেন নওগাঁ সদর উপজেলার কানমটকা গ্রামের সাইফুল। তিনি বসেছিলেন চালকের পাশে। ফেরিঘাট মসজিদের সামনে গতিরোধক পার হওয়ার সময় ঝাঁকুনিতে তিনি সড়কের ওপর পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৫১০ ঘ.