আত্মসমর্পণ করে জামিন নিলেন অলি
প্রধানমন্ত্রী ও স্থানীয় নারী সাংসদকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে একটি মানহানির মামলায় চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও স্থানীয় নারী সাংসদকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে একটি মানহানির মামলায় চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
বৃহস্পতিবার সকালে তিনি চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে জামিন চাইলে হাকিম মাহাবুবুর রহমান তা মঞ্জুর করেন।
অলির আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, বিচারক ২০ হাজার টাকার মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় এ জামিন দিয়েছেন। এ মামলার শুনানির জন্য আগামী ২৭ নভেম্বর দিন রাখা হয়েছে।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ব্যবসায়ী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট আফতাব আহমেদ শিমুল গত ২০ নভেম্বর মাহাবুবুর রহমানের আদালতে এই মামলা দায়ের করেন।
মামলার আরজিতে বলা হয়, “গত ১৮ নভেম্বর চন্দনাইশে এলডিপি’র সমাবেশে অবসরাপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, চন্দনাইশে একজন মহিলা এমপি দিয়ে হাজার যুবকের সমস্যা সমাধান করা যাবে না, তাই বেশি করে টুঙ্গীপাড়া থেকে সুন্দরী মহিলাদের এনে চন্দনাইশে দিলে যুবসমাজের কল্যাণ হবে।”
আদালত ওইদিনই মামলাটি গ্রহণ করে সাত দিনের মধ্যে অলি আহমদকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
চন্দনাইশ আসনের সাংসদ এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অলি বৃহস্পতিবার সকাল ১১টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে আদালত এলাকায় পৌঁছালে সরকার সমর্থক যুবলীগ কর্মীরা তার বিরুদ্ধে শ্লোগান দেয় এবং গাড়ি লক্ষ্য করে জুতা ও ইটপাটকেল নিক্ষেপ করে।
আদালতে হাজিরা দিয়ে অলি আহমেদ বের হতে চাইলে যুবলীগ কর্মীরা তার ওপর হামলা এবং ইটপাটকেল নিক্ষেপ করে। আদালতে অলির জামিন আবেদনের শুনানি চলাকালে বাইরে জুতা ও ঝাড়– নিয়ে মিছিল করে তারা।
মামলার বাদী আফতাব আহমেদ শিমুল এ সময় সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ও স্থানীয় নারী সাংসদকে জাড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় অলি আহমদকে ক্ষমা চাইতে হবে।
অলি হাজিরা দিয়ে বাইরে আসার পর যুবলীগ নেতাকর্মীরা তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও এলডিপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ লাঠিপেটা করে। পরে পুলিশের সহায়তায় আদালত চত্বর ত্যাগ করেন এই সংসদ সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৪০২ ঘ.
