২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ আত্মসাতের মামলায় ইউপি সদস্য শ্রীঘরে

ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে সাতক্ষীরায় এক ইউপি সদস্যকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 06:29 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

সাতক্ষীরা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে সাতক্ষীরায় এক ইউপি সদস্যকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বুধবার সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম এই আদেশ দেয়। আদালতে হাজির হয়ে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাহফুজুল ইসলাম জামিন প্রার্থনা করলে আদালত তা নাকচ করে। এর আগে মাহফুজুল ইসলাম উচ্চ আদালতের জামিনে ছিলেন। বুধবার জামিনের মেয়াদ শেষ হয়। মামলার বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২২ অগাস্ট দুস্থ ও গরীবদের মধ্যে বিতরণের জন্য মাহফুজ ইউনিয়ন পরিষদ থেকে তোলা সাড়ে চার বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এলাকার একটি ওষুধের দোকারে রাখেন। ওইদিন সন্ধ্যায় মাহফুজুল ইসলাম চালগুলি সরানোর সময় গ্রামবাসীরা আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে ওইরাতেই সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দীন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি সদস্য মাহফুজুল ইসলাম ও ‘মা’ ফার্মেসীর মালিক জাহাঙ্গীর আলমকে আসামি করা হয়। বর্তমানে মামলাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৪১ ঘ.