পাবনা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলায় এসআইসহ তিন পুলিশ সদস্য হত্যা মামলায় পূর্ববাংলার সর্বহারা পার্টির ২০ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেড়া থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম পাবনার একটি আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
গত বছরের জুলাই মাসে বেড়া উপজেলার রাজধরদিয়া বাজারে ব্রাশ ফায়ারে হত্যা করা হয় ঢালারপর পুলিশ ফাঁড়ির তিন সদস্যকে।
অভিযুক্তরা হলেন পূর্ববাংলার সর্বহারা পার্টির কেন্দ্রীয় প্রধান আব্দুল খালেক ওরফে গেদু, মোস্তাক আহমেদ, রফিকুল ইসলাম, আয়ুব আলী, নিজাম ফকির, আক্কাস আলী, জইঠা রফিক, কানা আলম, শুকুর আলী সরদার, জাহিদ ওরফে নিস্তার, ইউনুস মোল্লাসহ ২০ জন।
বেড়া থানার ওসি আব্দুল হাই জানান, অভিযোগপত্রে যাদের নাম এসেছে তারা সবাই নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলার সর্বহারা পার্টির সদস্য।
এরমধ্যে দুইজন দলটির অভ্যন্তরীণ কোন্দলে ইতোমধ্যে খুন হয়েছেন। ১১ জন পাবনা কারাগারে এবং সাতজন পলাতক রয়েছেন।
পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, শিগগিরই এ মামলার বিচার সম্পন্ন হবে।
২০১০ সালের ২০ জুলাই রাজধরদিয়া বাজারে কেনাকাটা করতে গেলে ঢালারপর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ আলী ও সিপাহী শফিকুল ইসলাম চরমপন্থিদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে পুলিশ কনস্টেবল রাশিদুল ইসলাম বাদী হয়ে ওহাব কাজী নামের এক ব্যক্তিসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯১০ ঘ.
bdnews24