ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউনুসুর রহমানকে বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার তাকে ওই পদের দায়িত্ব দেওয়া হয়। তিনি তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ পদে কাজ করবেন।
কয়েক সপ্তাহ আগে বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক ফজলে কবীরকে যোগাযোগ মন্ত্রণালয়ের রেলপথ বিভাগের সচিব নিয়োগ করা হলে পদটি শূন্য হয়।
এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় একইদিন উপসচিব ও জ্যেষ্ঠ সহকারী সচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ের ১৬ কর্মকর্তার পদে রদবদল এনেছে।
উপসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ডা. আমির হোসেনকে একই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত আব্দুল্লাহ আল মামুনকে প্রেষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগের উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল ওয়াদুদকে সিলেট, ঢাকা বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিমকে ঢাকা, ঠাকুরগাঁও রাণীশংকৈলের সহকারী কমিশনার (ভূমি) রোকসানা বেগমকে রংপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ হোসেনকে চট্টগ্রাম এবং ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেনকে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
ইউএনও পদে বদলির জন্য দিনাজপুরের বিরামপুরের ইউএনও আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে ঢাকা, নওগাঁ সাপাহারের ইউএনও রশিদুল মান্নাফ কবীরকে রংপুর, কুড়িগ্রামের চিলমারীর ইউএনও এনামুল হককে রাজশাহী, টাঙ্গাইলের বাসাইলের ইউএনও নাজনীন হোসেনকে রাজশাহী, ফেনীর দাগনভূঁইয়ার ইউএনও শাহীন আরা বেগমকে ঢাকা এবং বরিশাল মুলাদীর ইউএনও মনিরুজ্জামান তালুকদারকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া মাদারীপুরের রাজৈরের ইউএনও মোহাম্মদ রেজাউল কবীর, পাবনার ঈশ্বরদীর ইউএনও জাকির হোসেন এবং মানিকগঞ্জের ঘিওরের ইউএনও রাজা মো. আব্দুল হাইকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪৪ ঘ.
bdnews24