চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরের এক শিশুকে অপহরণের দায়ে চার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বেলাল হোসেন, মো. বাবুল, সুরুজ মিয়া ও রেজাউল করিম।
এর মধ্যে প্রথম দুইজন পলাতক এবং বাকি দুইজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
২০০০ সালের ১৭ মে আশিক নামে ওই শিশুকে নগরীর পলিটেকনিক ইনস্টিটিটিউট থেকে অপহরণ করা হয়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, আশিককে অপহরণের পর সাজাপ্রাপ্ত আসামিরা তার বাবা মোসাদ্দেক বিল্লাহর কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে পাঁচলাইশ থানায় ২০০০ সালের ১৯ মে একটি অপহরণ মামলা দায়ের করেন।
বিশেষ পিপি’র সহকারী আইনজীবী কংকন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০০ সালের ৬ নভেম্বর এ মামলায় আসমিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল এবং ২০০৩ সালের ২২ এপ্রিল অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১৩৬ ঘ.
bdnews24