চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা (সিটিএমএস) পদ্ধতিতে তৈরি পোশাক শিল্পের রপ্তানিমুখী কন্টেইনার বন্দরে পৌঁছানোর সময়সীমা শিথিল করা হয়েছে।
রোববার বন্দর সম্মেলন কক্ষে বিজিএমইএ ও বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান বন্দর চেয়ারম্যান কমডোর এ. আনোয়ারুল ইসলাম।
নতুন নিয়মে বন্দরের জেটিতে জাহাজ যেদিন পৌঁছবে, ওইদিন সকাল ৮টার মধ্যে তৈরি পোশাক শিল্পের কন্টেইনার জেটিতে পৌঁছাতে হবে।
এর আগে বন্দরে কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা পদ্ধতি (সিটিএমএস) পুরোপুরি চালু করার জন্য রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প খাতের পণ্যবাহী কন্টেইনার বন্দরে ২৪ ঘণ্টা আগে পৌঁছানোর সময় বেঁধে দেওয়া হয়েছিলো।
কিন্তু এ সময়সীমার মধ্যে কন্টেইনার বন্দরে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর সময়সীমা শিথিল করা হয় বলে জানান সিটিএমএস প্রকল্পের পরিচালক খায়রুল মোস্তফা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার থেকে এ পদ্ধতি চালু হবে। যদি এ সময়ের মধ্যে কোন প্রতিষ্ঠান রপ্তানিমুখী কন্টেইনার বন্দরে পৌঁছাতে ব্যর্থ হয় তবে বিজিএমইএ হেল্প ডেস্কের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় গ্রহণ করা হবে।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ম তৈরি পোশাক শিল্পের কন্টেইনারের ক্ষেত্রে একমাসের জন্য প্রযোজ্য থাকবে।
বিজিএমইএ'র রপ্তানীমুখী কন্টেইনারকে আওতার বাইরে রেখে গত ১০ অক্টোবর চট্টগ্রাম বন্দরে পরীক্ষামূলকভাবে সিটিএমএস পদ্ধতি চালু করা হয়। ১৩ নভেম্বর থেকে বিজিএমইএ'র কন্টেইনারও এই আওতায় আসার কথা ছিলো।
সিটিএমএস প্রক্রিয়ায় জেটিতে জাহাজ ভেড়ার ২৪ ঘণ্টা আগে পণ্যভর্তি কন্টেইনার বন্দরের কাছে জমা দিতে হতো। কিন্তু বর্তমানে কাট অফ টাইমের সুবিধায় তৈরি পোশাক মালিকরা বন্দরে জাহাজ ভেড়ার ২৪ ঘণ্টা পরে কন্টেইনার জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০০৬ ঘ.
bdnews24