২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৫

ঝিনাইদহ, নড়াইল ও সিরাজগঞ্জে রোববার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ২২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ, নড়াইল ও সিরাজগঞ্জে রোববার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ২২ জন। নিহতদের মধ্যে রয়েছে ঝিনাইদহে দু'জন, নড়াইলে একজন ও সিরাজগঞ্জে দু'জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, দু'টি পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বিকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ডাকবাংলা বাজারে আলমসাধু নামের যানবাহনে চাপা পড়ে শিশু রিমা খাতুনের (৮) মৃত্যু হয়। রিমা সদরের রাঙ্গেরপোতা গ্রামের মাহমদুল ইসলামের মেয়ে। কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, সকাল ১১টায় কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের পাইকপাড়ায় একটি আলম সাধু উল্টে রিতনা খাতুন (১২) নিহত হয়। আহত হয় আরো পাঁচজন। রিতনা উপজেলার খর্দ তালিয়ান গ্রামের রিপন হোসেনের মেয়ে। নড়াইল প্রতিনিধি জানান, রোববার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ধোন্দা এলাকায় নিহত হন লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের বাসিন্দা মোটরসাইকেল আরোহী ফেরদৌস হোসেন (৩৫)। এ সময় আহত হন অপর দুই আরোহী উপজেলার নলদী গ্রামের মো. আকরাম (৬০) ও সখিনা বেগম (৫২)। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, দুজন আরোহী নিয়ে ফেরদৌস নড়াইল-মাগুরা সড়ক হয়ে পাশের চানপুর গ্রামে যাচ্ছিলেন। ধোন্দা এলাকায় পৌঁছলে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ঘোড়া হঠাৎ লাফিয়ে মোটরসাইকেলের ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, কামারখন্দ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে গেলে দুইজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কের ঝাঐলে এ দুর্ঘটনায় নিহত হয় দিনাজপুরের পার্বতীপুরের রফিকুল ইসলামের এক মাস বয়সী শিশু নিলুফার। আরেকজনের (৪০) পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভোর সাড়ে ৩টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে বাস ও ট্রাক রাস্তার পাশে পড়ে যায়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯২৮ ঘ.