ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি আঞ্চলিক রূপরেখা প্রণয়নের প্রস্তাব করেছেন নেপাল, বাংলাদেশ, ভুটান ও ভারতের পরিবেশ মন্ত্রীরা।
হিমালয়ান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, শনিবার ভুটানের রাজধানী থিম্পুর ল্যাংজোপাখাতে সার্ক দেশগুলোর পরিবেশ মন্ত্রীদের একটি সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় তহবিল গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয় বলে নেপালি সংবাদপত্র জানিয়েছে।
প্রস্তাবিত রূপরেখায় যে সব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো হল- জীববৈচিত্র্য সংরক্ষণ, বিকল্প শক্তির (বিদ্যুৎ/জ্বালানি) উন্নয়ন, প্রযুক্তির ভাগাভাগি, খাদ্য উৎপাদন বাড়াতে গবেষণা এবং বাস্তুসংস্থান ব্যবস্থাপনা।
সম্মেলনে বলা হয়, "সহযোগিতার রূপরেখা বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সম্পদ এবং বিশেষজ্ঞ এই অঞ্চল থেকেই সংগ্রহ করা সমীচীন হবে।"
সম্মেলন সচিবালয়ের পরিচালক নাওয়াং নোরবুকে উদ্ধৃত করে হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, "রাষ্ট্রপ্রধান/সরকার প্রধান পর্যায়ের সম্মেলনের তুলনায় এই সম্মেলনের প্রাপ্তি/অর্জন কোনোভাবেই কম নয়। কারণ এ সম্মেলনে ঘোষণা (রূপরেখা) বাস্তবায়নের প্রতিশ্র"তি মিলেছে।"
নভেম্বরের ২৮ তারিখে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জাতিসংঘ বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনকে সামনে রেখে স¤প্রতি ঢাকায় অনুষ্ঠিত এ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের কয়েকদিন পরই ভুটানে মিলিত হলেন সার্ক পরিবেশমন্ত্রীরা।
ঢাকার সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহযোগিতার জন্য প্রতিশ্র"ত ১০০ বিলিয়ন ডলারের 'গ্রিন ফান্ড' এ অর্থায়নের জন্য বিশ্বের সর্বাধিক কার্বন গ্যাস নির্গমনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএন/জেআর/আরআরডি/১৮২৫ ঘ.
bdnews24