ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ নিয়ে সোমবার বাংলাদেশকে ভারত 'আরো' তথ্য দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামীম এহসান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন সোমবার তারা আমাদের আরো তথ্য দেবেন।"
ভারতে বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে বিনিয়োগ চুক্তি করেছে মণিপুর রাজ্য সরকার।
এদিকে চুক্তিপত্রের বরাত দিয়ে বিবিসি এক খবরে বলা হয়, ভারতের বিদ্যুৎমন্ত্রী সুশীল কুমার সিন্ধে এবং মণিপুরের মুখ্যমন্ত্রী ইবোবি সিংয়ের উপস্থিতিতে সে দেশের জাতীয় জলবিদ্যুৎ নিগম- এনএইচপিসি, রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ সংস্থা এসজেভিএন এবং মণিপুর সরকারের মধ্যে এই চুক্তি হয়। এর আওতায় একটি যৌথ মালিকানার কোম্পানি হচ্ছে, যার কাজ হবে টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা।
হাইড্রোওয়ার্ল্ড ডটকম জানায়, গত ২২ অক্টোবর নয়া দিল্লিতে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, নতুন কোম্পানিতে এনএইচপিসির ৬৯ শতাংশ মালিকানা থাকছে। এছাড়া এসজেভিএন ২৬ শতাংশ এবং মণিপুর সরকার ৫ শতাংশের মালিক হচ্ছে।
ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার পর বাংলাদেশে ২০০৮-২০০৯ সময়ে তীব্র প্রতিক্রিয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, টিপাইমুখে বিদ্যুৎ প্রকল্প হলে বাংলাদেশেও এর বিরূপ প্রভাব পড়বে।
এই প্রেক্ষিতে ২০১০ সালের জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফরের সময় দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে মনমোহন সিং প্রতিশ্র"তি দিয়েছিলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ টিপাইমুখে নেওয়া হবে না।
তবে মণিপুর রাজ্য সরকারের সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী এন বীরেন সিংকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে, "সরকারের নীতি খুবই পরিষ্কার, টিপাইমুখ প্রকল্প হবেই। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায়, বিশেষ করে উত্তরপূর্ব ভারত উন্নয়ন দপ্তর এর জন্য টাকা দেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/০১০৭ ঘ.
bdnews24