ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর বাড্ডায় চোরাবালিতে ডুবে মরার হাত থেকে রক্ষা পেল দুই শিশু।
শনিবার বিকালে হাতির ঝিল প্রকল্পের রামপুরা কালভার্টের কাছে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হুমায়ুন কবির (১২) ও আজাদ মিয়া (১২) নামে দুই শিশু ওই প্রকল্প এলাকার বালিতে খেলতে যায়।
হঠাৎ তারা চোরাবালির মধ্যে ডুবে যেতে থাকলে চিৎকার শুরু করে। চিৎকারে আশপাশের জনতা এগিয়ে এলেও নরম বালির কারণে কেউ তাদের উদ্ধারে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছিল না।
হাতিরঝিল প্রকল্পের দায়িত্বে থাকা সেনা সদস্যরা তাদের ক্রেন দিয়ে শিশু দুটিকে উদ্ধারের চেষ্টা করে। তবে বালি সরানো হলেও তারা ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছিল।
পরে আশপাশের বালি সরিয়ে তাদের প্রায় ২০ ফুট নিচ থেকে উদ্ধার করা হয়।
শিশু দুটিকে উদ্ধার করতে প্রায় এক ঘণ্টা সময় লাগে বলে ওসি জানান।
দুই শিশুর বাসা পশ্চিম মেরুল বাড্ডা এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২৫৯ ঘ.
bdnews24