২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটভাটায় পানি ঢালল ফায়ার ব্রিগেড

পরিবেশ আইন অমান্য করায় গাজীপুরের কোনাবাড়িতে একটি ইটভাটা পানি ঢেলে অচল করেছে ফায়ার ব্রিগেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

গাজীপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ আইন অমান্য করায় গাজীপুরের কোনাবাড়িতে একটি ইটভাটা পানি ঢেলে অচল করেছে ফায়ার ব্রিগেড। শনিবার পরিবেশ অধিদপ্তর এই অভিযান চালায় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ নভেম্বর কোণাবাড়ির আমবাগে আবাসিক এলাকায় মা ব্রিকস নামের একটি 'অবৈধ' ইটভাটা বন্ধের নির্দেশ দিয়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়। ভাটার মালিক আব্দুস সাত্তার পালোয়ান আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভাটা অপসারণের মুচলেকাও দেন। কিন্তু এ ঘটনার তিনদিন পর ভাটার মালিক তার সিদ্ধান্ত পাল্টে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানকে চ্যালেঞ্জ করে একটি উকিল নোটিশ পাঠান এবং ওই ভাটায় 'গোপনে' উৎপাদন শুরু করেন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পুনরায় ইটভাটা চালু করে আইনকে অশ্রদ্ধা করায় এই ইটভাটার চুল্লি পানি দিয়ে অচল করে দেওয়া হয়েছে। অভিযানের সময় ভাটার মালিক ও ম্যানেজার পালিয়ে যান। পরে গ্রেপ্তার করতে বাড়িতে গিয়েও মালিককে পাওয়া যায়নি। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ও গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নুর আলম ছাড়াও জেলা পুলিশ ও ফায়ার ব্রিগেড অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২১৪ ঘ.