২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আত্মঘাতী'

দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত আত্মঘাতী বলে মন্তব্য করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত আত্মঘাতী বলে মন্তব্য করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। "এ কেন্দ্রের তেজষ্ক্রিয় বর্জ্য অপসারণ ঝুঁকিপূর্ণ কাজ" উল্লেখ করে কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ শনিবার বলেন, "এটি ঠিকমতো না করতে পারলে আমরা পরিবেশ বিপর্যয় ও স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে পড়বো। এতে নতুন সংকটের মধ্যে পড়তে হবে দেশবাসীকে।" রাজধানীর পুরানা পল্টনে এক মত বিনিময় সভায় কথা বলছিলেন তিনি। এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে বিরত থাকতে ওই সভায় সরকারের প্রতি আহ্বান জানান তেল-গ্যাস কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ 'সহযোগিতা চুক্তি' করে গত ০২ নভেম্বর। চুক্তি অনুযায়ী নির্মাণ কাজ, জনশক্তি উন্নয়ন ও আইনি কাঠামো তৈরিসহ বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া। দেশবাসীকে 'আগাম' কিছু না জানিয়ে সরকার 'অস্বচ্ছতার' সঙ্গে এ চুক্তি করেছে বলে অভিযোগ করে চুক্তির কপিপ্রকাশের আহ্বান জানান আনু মুহাম্মদ। বিদ্যুৎ সমস্যার সমাধান করতে গিয়ে সরকার নতুন সংকটের সৃষ্টি করছে মন্তব্য করে তিনি বলেন, "ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে উচ্চমূল্যে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এতে বিদ্যুতের দাম বাড়ছে।" তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত 'পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: সরকারি চুক্তি ও আশঙ্কা' শীর্ষক এ সভায় আরো বক্তব্য দেন কমিটির সদস্য নূর মোহাম্মদ, প্রকৌশলী বিডি রহমতউল্লাহ, প্রকৌশলী মাহবুব রুবাইয়াৎ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০৪৮ ঘ.