তানিম আহমেদ
ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, বাংলাদেশের অনেক চ্যালেঞ্জের একটি হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর পরপর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমি সহায়তা করব।"
স্ত্রী গ্রেস মজিনাসহ শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ১২টার ওই সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্য আরেকটি বড়ো চ্যালেঞ্জ হলো সাড়ে ১৫ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা সৃষ্টি করা।
মানবাধিকার ও সরকারের বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করে তোলাকে বাংলাদেশের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করলেও আন্যান্য চ্যালেঞ্জ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
মজিনা বলেন, "বিষয়গুলো পরিচিত ও সমাধানযোগ্য।"
যে কোনো দেশের সামনেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে বলে মন্তব্য করেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ১৯৯৮-২০০১ মেয়াদে কূটনীতিকের দায়িত্ব পালন করে যাওয়া মজিনা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগে ৩০ বছর ধরে কাজ করে আসা এ কর্মকর্তা বলেন, "যুক্তরাষ্ট্র যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলে এখানে সারাদিন কাটিয়ে দিতে পারি আমি।"
রাষ্ট্রদূত বলেন, তার প্রথম কাজ হবে ইতিমধ্যে বাংলাদেশ যেসব উন্নয়ন করেছে সেগুলোর স্বীকৃতি দেওয়া।
বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি উল্লেখ করে তিনি বলেন, "আমি যখন ভাবি, লাখ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে তখন উদ্বেলিত হই।"
ঢাকায় আবার আসা প্রসঙ্গে ৬১ বছর বয়সী ড্যান মজিনা বলেন, তিনি ও তার স্ত্রী বাংলাদেশে ফিরতে পেরে খুবই খুশি।
সাংবাদিকরা তাকে স্বাগত জানালে তিনি তাকে 'পুনরায় বাংলাদেশের ফিরে আসার জন্য স্বাগতম' জানানোর অনুরোধ করেন।
তিনি বলেন, বাংলাদেশে দ্বিতীয়বারের মতো কূটনীতিকের দায়িত্ব পালনকারী তিনিই প্রথম এবং এ ভূমিকা পালন করতে পেরে তিনি গর্বিত।
১৯৯৮-২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন জানিয়ে মজিনা বলেন, "সেসময় আমরা অনেক বন্ধু পেয়েছিলাম যাদের শেকড় এদেশে। তাই এখানে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে ফিরে আসা স্বপ্ন সত্যি হওয়ার মতোই একটি ঘটনা।"
বাংলাদেশে আসার আগে ইউএস ন্যাশনাল ওয়ার কলেজে জাতীয় নিরাপত্তা বিষয়ে অধ্যাপনা এবং এর আগে অ্যাঙ্গোলায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মজিনা।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক বোঝাপড়া আরো বাড়াতে যতোটা সম্ভব কঠোর পরিশ্রম করবেন তিনি।
আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন মজিনা। এরপরই তার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু হবে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের হয়ে আফ্রিকার দক্ষিণাঞ্চলে এবং দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রীয় পদে কাজ করেছেন মজিনা। ঢাকা ছাড়া নয়াদিল্লী ও ইসলামাবাদে এবং আফ্রিকা মহাদেশের জাম্বিয়া, জায়ার ও অ্যাঙ্গোলায় দায়িত্ব পালন করেন তিনি।
তার ৪০ বছর বয়স্ক স্ত্রী গ্রেস মজিনা একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক। শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/কিউএইচ/পিডি/১৯৪২ ঘ.
bdnews24