মাদারীপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় ডাকাত সন্দেহে চারজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
এরা হলেন বিল্লাল হাওলাদার (২৪), মুরাদ খান (২৫), দিদার বেপারী (২৭) ও জাকির মাদবর (২৬)। এদের সবার বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশার মহাসড়কের কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত লোকজন দুর্বত্তদের ব্যবহৃত মাইক্রোবাসে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।
কালকিনি থানার ওসি এ কে এম শাহিন ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণপাড়া এলাকায় সড়কসংলগ্ন বাড়ি থেকে তাসলিমা বেগম, তার স্বামী আখতারুজ্জামান ও প্রতিবেশী রেনু বেগম রাস্তায় উঠলে একদল ডাকাত তাদের সামনে মাইক্রোবাসে থামায়।
পরে অস্ত্রের ভয় দেখিয়ে তারা তাসলিমা বেগমের গলা থেকে একটি স্বর্ণের চেইন ও ২টি মোবাইল ফোন সেট নিয়ে চলে যায়।
ওসি আরো বলেন, তাৎক্ষণিকভাবে তাছলিমার স্বামী পান্তাপাড়া ভাঙ্গাব্রিজ বাজারের কাছের পরিচিত লোকদের ঘটনাটি জানালে তারা মাইক্রোবাসটি থামিয়ে চারজনকে ধরে পিটুনি দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে তাছলিমা বেগম বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৬ ঘ.
bdnews24