বাগেরহাট, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীতে বৃহষ্পতিবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন নগরীর সোনাডাঙ্গা আবসিক এলাকার কামরুজ্জামান জসিমের স্ত্রী নিলুফার ইয়াসমিন রূপা (৩০) ও মনির হোসেনের স্ত্রী রোকাইয়া জামান মুক্তা (২৮)।
সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসায় এই দু'বোন বৃহষ্পতিবার রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাত ১টায় নিলুফার ইয়াসমিন এবং দেড়টায় রোকাইয়া জামানের মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৭ ঘ.
bdnews24