ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র সচিব বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে 'জাতীয় ঐকমত্য' বা 'বাস্তবসম্মত সমাধান' নয়, বরং দ্রুত এ চুক্তি সইয়ের কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।
মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ভারতে ফেরার পথে বিমানে মনমোহন সিং সাংবাদিকদের বলেন, তিস্তা ইস্যু নিয়ে একটি 'বাস্তবসম্মত' সমাধানে পৌঁছাতে 'জাতীয় ঐকমত্য' সৃষ্টি করতে চান তিনি।
তবে পররাষ্ট্র সচিব দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী এ ধরনের কথা বলেননি।
বুধবার মিজারুল কায়েস সাংবাদিকদের বলেন, "বৈঠকে আমি সশরীরে উপস্থিত ছিলাম। সেখানে আমি এ ধরনের কোনো কথা শুনিনি।"
"তিনি [মনমোহন সিং] বলেছেন, চুক্তি না হওয়ায় ভারত হতাশ এবং দ্রুতই এ চুক্তি সই হবে।" যোগ করেন মিজারুল কায়েস।
বাংলাদেশকে ভারতের ঋণ সহায়তা এবং বিদ্যুৎ ও অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়েও দুই প্রধানমন্ত্রী আলোচনা করেন বলে জানান তিনি।
মালদ্বীপের আদ্দুতে অনুষ্ঠিত সপ্তদশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সম্মেলনের ফাঁকে ১০ অক্টোবর দুই প্রধানমন্ত্রী বৈঠক করেন।
গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। মমতার অভিযোগ ছিল, চুক্তির খসড়া তাকে দেখানো হয়নি।
দৃশ্যতঃ এই প্রেক্ষিতেই দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের বিষয়টিও স্থগিত করে বাংলাদেশ।
ওই সফরে মনমোহনের সঙ্গে মমতার ঢাকা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর থেকে নিজেকে প্রত্যাহার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩০৩ ঘ.
bdnews24