২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-১ আসনগেজেটের কার্যকারিতা নিয়ে রুলের শুনানি শুরু

চাঁদপুর-১ (কচুয়া) আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটের কার্যকারিতা নিয়ে রুলের শুনানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর-১ (কচুয়া) আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটের কার্যকারিতা নিয়ে রুলের শুনানি শুরু হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর ওই আসনের সংসদ সদস্য। বিএনপি নেতা আ ন ম এহছানুল মিলনকে হারিয়ে নির্বাচিত হন তিনি। ২০১০ সালের ২৬ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চে ওই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট প্রকাশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল দেয়। আদালত একইসঙ্গে ওই নোটিশের কার্যকারিতাও স্থগিত করে। বুধবার বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে রুলের শুনানি শুরু হয়। শুনানিতে আলমগীরের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ড. শাহদীন মালিক। রোকনউদ্দিন বলেন, আইন অনুসারে সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার প্রক্রিয়া আছে। নির্বাচন কমিশন নিজেই বিরোধ উত্থাপন করে সে বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে না। তাছাড়া বাতিলের আগে মহীউদ্দীন আলমগীরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। "এছাড়া কেউ নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন তা বাতিল করতে পারেন না," বলেন তিনি। মহীউদ্দীন আলমগীরের প্রার্থিতা বাতিল করে গত বছরের ২২ সেপ্টেম্বর তার নির্বাচনী আসন চাঁদপুর-১ শূন্য ঘোষণা করে বিশেষ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা আলমগীরের সাজা হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়। এরপর আপিল বিভাগ ইসির ওই সিদ্ধান্তের পক্ষে রায় দিলে ইসি ওই সিদ্ধান্ত নেয়। তবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ওই দুর্নীতি মামলায় আলমগীরকে ইতোমধ্যে অব্যাহতি দিয়েছে। 'ক্যাঙ্গারু কোর্টের' সাজার ভিত্তিতে রিটার্নিং কর্মকতা আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিলো দাবি করে রোকনউদ্দিন বলেন, ওই সাজাও ইতোমধ্যে হাইকোর্ট ও আপিল বিভাগ বাতিল করে দিয়েছে। তখন আদালত বলে, তত্ত্বাবধায়ক সরকারের সব কার্যক্রমকে সংবিধান পরিপন্থি ঘোষণা করে দিলে কী হবে? জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি রোকনউদ্দিন বলেন, "তাহলে তো নির্বাচন অবৈধ হয়ে যাবে। আমরা তা চাই না। এরপর আদালত বলে, পঞ্চম সংশোধনীর মতো একটা ঝাঁকুনি দিলে কেমন হয়? "আমরা তা চাইবো না এবং শুনানিও করবো না," বলেন রোকন। পরে শুনানিতে ইসির কৌঁসুলি শাহদীন মালিক বলেন, সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার পর কোনো বিরোধ দেখা দিলে তখন স্পিকার সিদ্ধান্ত দেন। তবে কে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য, আর কে অযোগ্য তা নির্ধারণের একমাত্র এখতিয়ার নির্বাচন কমিশনের। "মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্রই ছিলো অবৈধ। সুপ্রিম কোর্টের রায়েও তা উঠে এসেছে। তাই এমনিতেই তার সংসদ সদস্যপদ শূন্য হয়ে গেছে," বলেন তিনি। অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে তিনি আপিল করলে ৮ ডিসেম্বর তা খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টে আলমগীর রিট আবেদন করলে ওই বছরের ১৫ ডিসেম্বর তা-ও খারিজ হয়। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে তখন নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন তিনি। এদিকে এ বছরের ২৩ অগাস্ট আলমগীরের নিকটতম প্রতিদ্বন্দ্বী মিলন এবং ওই এলাকার পাঁচ ভোটারের এক আবেদনে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ এক রুলে আলমগীর কোন আইন ও ক্ষমতায় সংসদ সদস্য পদে বহাল রয়েছেন, তা জানতে চায়। অবশ্য এই আবেদনের পর আবেদনকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল হয়। পরে আইনজীবীর বিরুদ্ধে রুল প্রত্যাহার হলেও অন্যদের বিরুদ্ধে তা বিবেচনাধীন থাকাবস্থায় আদালতের প্রতি অনাস্থা দেন মিলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯৩২ ঘ.