২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত টাকার জন্য পাঁচঘণ্টা আটক প্রসূতি

অতিরিক্ত টাকা দাবি করে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতিকে প্রায় পাঁচঘণ্টা আটকে রেখেছেন এক সেবিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

শরীয়তপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত টাকা দাবি করে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতিকে প্রায় পাঁচঘণ্টা আটকে রেখেছেন এক সেবিকা। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রসূতি সুমী আক্তারকে (২০) আটকে রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা সুজলা রাণী। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রউফ গিয়ে টাকা না নিয়েই তাকে ছেড়ে দেন। আবদুর রউফ বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত টাকা চেয়ে সুমী আক্তারকে আটকে রাখার ঘটনা তার পরিবারের লোকজন ও সাংবাদিকদের কাছে শুনে সুজলাকে ডেকে জিজ্ঞাসা করেছি। "মঙ্গলবার সন্ধ্যায় প্রসূতি ও নবজাতককে ছেড়ে দেওয়া হয়েছে," বলেন তিনি। সুমির মামা দেলোয়ার হেসেন সাংবাদিকদের জানান, উপজেলার দাসের জংগল গ্রামের সুমী প্রসব ব্যাথা নিয়ে সোমবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাতেই তার একটি মেয়ে হয়। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পাওনাদি পরিশোধ করে প্রসূতি ও নবজাতক বাড়ি ফিরতে চাইলে সেবিকা সুজলা তাদের কাছে অতিরিক্ত দুই হাজার দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখেন। তিনি বলেন, পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সাংবাদিকদের জানালে তাকে ছাড়া হয়। সেবিকা সুজালা রানী সাংবাদিকদের বলেন, "স্বাস্থ্য কমপ্লেক্সে বাচ্চা হলে অতিরিক্ত ফি সবাই দেয়। এ কারণেই আমি টাকা চেয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯০৮ ঘ.