ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি নিজামুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়রম্যান পদ থেকে নিজেকে সরিয়ে না নেওয়ায় আদালত বর্জন করেছে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা।
বুধবার সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, "বিচারপতি হিসেবে আমরা আপনার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ট্রাইব্যুনালের প্রধান হিসেবে আমরা আপনাকে মেনে নিতে পারছি না।"
এর পরপরই এজলাস থেকে বেরিয়ে যান আসামি পক্ষের আইনজীবীরা।
সাঈদীর পক্ষে গত মাসে নিজামুল হকের অপসারণ চেয়ে আবেদন করা হলেও ট্রাইব্যুনালের অন্য বিচারপতিরা এর নিস্পত্তি করে বলেন, বিষয়টি অগ্রহণযোগ্য।
এজলাস ছাড়ার আগে ট্রাইব্যুনালের কাছে দুটি পিটিশন দাখিল করেন সাঈদীর আইনজীবীরা।
নিজামুল হক কেন নিজেকে ট্রাইব্যুনাল প্রধানের পদ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন না সে বিষয়ে 'ব্যাখ্যামূলক আদেশ' চাওয়া হয় একটি আবেদনে। আর এ বিষয়টির নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিচার কার্যক্রম মুলতবি রাখার কথা বলা হয় দ্বিতীয় আবেদনে।
ট্রাইব্যুনাল জানায়, এ ধরনের আবেদন শুনানির জন্য অন্তত একদিন আগে জমা দেওয়া প্রয়োজন। জবাবে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, নিজামুল হক বুধবারও এজলাসে বসবেন এটা তাদের জানা ছিল না।
এই পর্যায়ে এজলাস ত্যাগ করেন আসামি পক্ষের আইনজীবীরা।
পরে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আইনজীবীরা যে 'ব্যাখ্যামূলক আদেশ' চেয়েছেন, সে বিষয়ে নিস্পত্তি হবে আগামী রোববার।
সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য একটি আবেদনের ওপর বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও আইনজীবীরা চলে যাওয়ায় তা 'উপস্থাপিত হয়নি মর্মে' খারিজ করে দেওয়া হয়।
গত ৩ নভেম্বর জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের পালা শুরু হয়। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২০টি অভিযোগে তার বিচার শুরু করে।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া।
এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩০৪ ঘ.
bdnews24