নূরুল ইসলাম হাসিব
বেঙ্গালুরু থেকে
ব্যাঙ্গালুরু, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাঙ্গালুরু ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন'র (আইওআর-এআরসি) একাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন।
মঙ্গলবার সকালে ভারতের কাছে ১৯ সদস্যের এই সংগঠন প্রধানের পদের দায়িত্ব হস্তান্তরের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়।
দিনব্যাপী সম্মেলনে এই অঞ্চলের দেশগুলোর ব্যক্তি-ব্যক্তি পর্যায়ে যোগাযোগ উন্নয়নে উদ্যোগ নেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে। এছাড়া টেকসই উন্নয়ন, বাণিজ্য সম্পর্ক বাড়ানো ও জলদস্যুতা বন্ধে একযোগে কাজ করার অঙ্গীকারও করেছে সদস্য দেশগুলো।
সভায় পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসগরকে বাণিজ্য পথ হিসেবে এবং জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে 'অপরিহার্য' বলে উল্লেখ করা হয়। কারণ এই পথেই আন্তর্জাতিক কন্টেইনার জাহাজের অর্ধেক এবং ৭০ শতাংশ অপরিশোধিত ও তেল পরিবহন করা হয়।
সম্মেলনের সমাপনী বক্তব্যে আইওআর-এআরসি চেয়ারপারসন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেন, "আগামী মাস ও বছরগুলোতে একটি অর্থবহ উপায়ে আমাদের সহযোগিতাকে এগিয়ে নিতে আমরা একটি ভালো ভিত্তি প্রতিষ্ঠা করেছি।"
দুই বছরের জন্য এই প্রথম চেয়ার পেয়ে ভারত প্রতিবছর আইওআর-এআরসি প্রকল্পে ১০ লাশ ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে, যা সংগঠনের একধাপ অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।
ভারত মহাসাগরের তীরবর্তী তিনটি মহাদেশের ১৯টি দেশের এ সংগঠনকে পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে পরবর্তী দুবছরের জন্য ইয়েমেনের কাছ থেকে দায়িত্ব পেলো দেশটি।
২০০৩ সালে সংগঠন থেকে নাম প্রত্যাহার করে নেওয়া সিসিলি সম্মেলনের প্রথম দিনে আবার যোগ দেয় এতে। ১৯৯৯ সালের মার্চে প্রথমবারের মতো এতে যোগ দেয় দেশটি।
বিদায়ী চেয়ারম্যান ও ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আবু বকর আল-কিরবি বলেন, তার মেয়াদে সদস্য দেশগুলোর সহযোগিতায় সংগঠন দুবছরে বেশকিছু উল্লেখযোগ্য লক্ষ্য অর্জন করে।
তিনি আরো বলেন, সংগঠন প্রধান হিসেবে ভারতের মূল ভূমিকা হওয়া উচিত আইওআর-এআরসিকে সঠিক পথে পরিচালিত করা।
১৯৯৭ সালে গঠিত এ সংগঠনটির কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এ সংগঠনের কার্যক্রমের ফলাফল মিশ্র।
তিনি বলেন, এর গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ইতিমধ্যেই অনেক এগিয়েছে, তবে এ গৃহীত কোনো প্রকল্প যেনো অন্যান্য আঞ্চলিক সংগঠনের প্রকল্পে প্রতিরূপ না হয়ে ওঠে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।
এ সংগঠনের প্রতিষ্ঠা সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মাজাম্বিক, ওমান, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/ডিডি/০০৫৫ ঘ.
bdnews24