২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আ'লীগ নেতার বাড়িতে ডাকাতি, আহত ৯

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের এক স্থানীয় নেতার বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

সাভার, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের এক স্থানীয় নেতার বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন। সোমবার রাতে আশুলিয়া ইউনিয়নের টাংগাবাড়ী এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর বাড়িতে ডাকাতি হয় বলে এলাকাবাসী জানান। আজগর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার মধ্যরাতে ১৫/২০ জন মুখোশধারী ডাকাত অস্ত্রসহ তিনতলা বাড়ির নিচতলার গেইট কেটে ভেতরে ঢোকে। ডাকাতরা আটটি রুম থেকে নগদ টাকা, মোবাইল ফোন সেট ও স্বর্ণালঙ্কারসহ ১০ লাখেরও বেশি টাকার মালামাল নিয়ে যায় বলে জানান আজগর। এসময় বাধা দিতে গেলে তারা পরিবারের লোকজনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। বিষয়টি থানায় জানানো হয়েছে বলে জানান তিনি। আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মাদবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশুলিয়ায় ডাকাতির উৎপাত বৃদ্ধি পেয়েছে। থানা পুলিশকে একাধিকবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। উল্টো পুলিশ এলাকার সাধারণ মানুষকে হয়রানি করে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজগর আলীর বাড়িতে বড় ধরনের কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৫ ঘ.