চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি হয়ররানি বন্ধ, স্থায়ী টার্মিনাল নির্মাণসহ ১১টি দাবিতে আগামী ২০ নভেম্বর থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম জেলা ট্যাংক লরি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ ধর্মঘটে সমর্থন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয় পরিষদের আহ্বায়ক আহমদ নবী চৌধুরী তাদের ১১টি দাবি তুলে ধরেন। গত শনিবার সংগঠনের এক সভায় ধর্মঘটের সিদ্ধান্ত হয়।
তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- স্থায়ী ট্যাংক লরি টার্মিনাল নির্মাণ, জেলা ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ, ভাড়া বাড়ানো, ফি জমাদানের ২৪ ঘণ্টার মধ্যে ক্যালিব্রেশন নবায়ন এবং ক্যালিব্রেশনের মেয়াদ পাঁচ বছর রাখা, তালিকাভুক্ত ট্যাংক লরিগুলোতে প্রতি কর্মদিবসের ভাড়া দেওয়া।
সংবাদ সম্মেলনে ছিলেন চট্টগ্রাম জেলা ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি ইসহাক বাদশা, সমিতির কার্যকরী সভাপতি মো. কামাল উদ্দিন, সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক রবিউল মাওলা, সদস্য সচিব হাসান মুরাদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ নভেম্বর সকাল ৯টায় পতেঙ্গার মেঘনা পেট্রোলিয়ামের ফটকে ধর্মঘটের সমর্থনে সমাবেশ হবে।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহম্মদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সমন্বয় পরিষদের ডাকা ধর্মঘটের প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখা পূর্ণ সমর্থন দিয়েছে।
সমন্বয় পরিষদের দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, পরিবহন মালিক-শ্রমিকদের অস্তিত্ব রক্ষার 'স্বার্থে' প্রয়োজনে বৃহত্তর চট্টগ্রামে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২০২০ ঘ.
bdnews24