চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলী থানার সিটি গেইট এলাকায় ট্রাক থেকে নামানোর সময় প্লাইউড বোর্ডের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতের নাম মো. দেলোয়ার (৪০)। তিনি বগুড়া জেলার মো. মকবুল হোসেনের ছেলে। সিটি গেইট এলাকায় গোল্ডেন ডিপো নামক একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন দেলোয়ার।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে দেলোয়ার গোল্ডেন ডিপোর সামনে ট্রাক থেকে বোর্ড নামানোর সময় এর নিচে চাপা পড়েন বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক এম এ ইউছুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত অবস্থায় দেলোয়ারকে হাসাপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বোয়ালখালী থানার চৌমুহনী শাকপুরা এলাকায় টেম্পুর ধাক্কায় নুরুল আলম (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল তপু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আহত নুরুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল বোয়ালখালীর জিনপুরা গ্রামের মৃত সিদ্দিক আহমদের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএম/২০১২ ঘ.
bdnews24