ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেছেন, 'সময়ের অভাবে ও কৌশলগত কারণে' অনেক সময় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয় না।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এ কথা বলেন।
সভা শেষে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে জানতে চান, লোকমান হোসেন হত্যা মামলার আসামিদের মধ্যে টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ তিন জন আগাম জামিন চাইতে সোমবার হাইকোর্টে গেলেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি কেন?
এ সময় মন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে হাসান মাহমুদ বলেন, "আশা করছি শিগগিরই দেশবাসীকে ভালো খবর দিতে পারবো এ বিষয়ে। সত্য উদ্ঘাটন করাই হচ্ছে আইন-শৃঙ্খলাবাহিনীর লক্ষ্য। আসামিদের ধরার যথাসাধ্য চেষ্টা চলছে।"
"সময়ের অভাবে ও কৌশলগত কারণে অনেক সময় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয় না", যোগ করেন তিনি।
গত ১ নভেম্বর রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন দলটির শহর কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন। এর ৪৮ ঘণ্টা পর টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন নিহতের ছোট ভাই কামরুজ্জামান।
বাচ্চুসহ তিনজন সোমবার আগাম জামিন চাইতে হাইকোর্টে গেলে আদালত তাদের আবেদন ফিরিয়ে দেয়।
আসামির বড় ভাই মন্ত্রী বলে পুলিশ তাকে গ্রেপ্তারে দেরি করছে কি না জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক বলেন, "সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় লোকমান হত্যা মামলার তদন্তে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য গ্রেপ্তার একটি চলমান প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা নেই। পুলিশ স্বাধীন ও নিরপেক্ষভাবেই তদন্ত করছে।"
আসামি গ্রেপ্তারের বিষয়ে সরকারের কোনো নির্দেশনা ছিল কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "এ ধরনের কোনো নির্দেশনা ছিল না।"
লোকমান খুন হওয়ার রাতেই পুলিশ ঢাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নরসিংদীর জেলা সভাপতি খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে। আদালত হত্যা মামলা থেকে তাকে অব্যাহতি দিলেও ঘটনার দিন নরসিংদী সার্কিট হাউজ ভাঙচুর এবং পরদিন ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় দুটি মামলায় গ্রেপ্তার তাকে দেখায়। পরে অবশ্য দুই মামলাতেই খোকনকে জামিন ও মুক্তি দেওয়া হয়।
খোকনকে কেন গ্রেপ্তার করা হয়েছিল জানতে চাইলে হাসান মাহমুদ খন্দকার বলেন, "লোকমান হত্যা মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।"
বৈঠকে লোকমান হত্যা মামলা নিয়ে আলোচনা হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকের পূর্ব নির্ধারিত বিষয়ে আলোচনা হয়েছে, লোকমান হত্যা মামলা নিয়ে আলোচনা হয়নি।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে একটি টাস্কফোর্স গঠন করা হবে। এ টাস্কফোর্স সারা দেশে পর্যবেক্ষণ চালাবে। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া মাদক প্রতিরোধেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রী জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সচিব মনজুর হোসেনসহ আইন-শৃঙ্খলাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৫৩২ ঘ.
bdnews24