ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর পিলখানায় পরিত্যাক্ত ভবন ভাঙার সময় ছাদের একটি অংশ ভেঙে পড়লে এক শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন।
পুলিশ নিহত শ্রমিক মো. সেলিমের (৩৫) লাশ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিউ মার্কেট থানার উপপরিদশর্ক (এসআই) শফিউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকালে পিলখানার ভেতরে একটি পরিত্যাক্ত ভবন ভাঙার সময় ছাদের একটি অংশ শ্রমিকদের ওপর পড়লে সেলিমসহ তিনজন আহত হয়।
তাদেরকে পিলখানার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) হাসপাতালে ভর্তি করার পর সেলিম মারা যায়।
অন্য দুইজন শ্রমিক ওই হাসপাতালে ভর্তি রয়েছে বলে তিনি জানান।
নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রাম সদরে হলেও থাকতেন কামরাঙ্গীর চরের রসুলপুরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৮২০ ঘ.
bdnews24