২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কুমিল্লা নির্বাচনের তফসিল ২৪ নভেম্বরের মধ্যে'

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল আগামী ২৪ নভেম্বরের মধ্যে ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল আগামী ২৪ নভেম্বরের মধ্যে ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। "সঠিকভাবে নির্বাচন করার জন্যই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসি ইলেক্ট্রনকি ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।" জানিয়ে সোমবার তিনি বলেন, "এ নির্বাচনে সবকটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।" তিনি বলেন, ইভিএমে ভোট জালিয়াতির সুযোগ নেই। এর মাধ্যমে সহজে ভোটগ্রহণ এবং অল্প সময়ের মধ্যে ভোট গণনা করা যায়। নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার বিষয়ে ব্যাপক প্রচারণা চালাবে উল্লেখ করে এ নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, ভোটাররা এ প্রচারণায় অংশ নিয়ে ইভিএম'র প্রশিক্ষণ নেবে। নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ছহুল হোসাইন। এ সময় তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ইভিএম-বিরোধিতা প্রসঙ্গেও কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে দলীয় বক্তব্য দেওয়া উচিৎ নয় বলে মন্তব্য করেন তিনি। তার মতে, রাজনৈতিক দলগুলোর উচিৎ এ বিষয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হয় এমন বক্তব্য পরিহার করা। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এক চতুর্থাংশ ভোট গৃহীত হয় ইভিএমে। ওই সময় ইভিএম ব্যবহারের বিরোধিতা করেছিল বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচএ/পিডি/১৯২৭ ঘ.