নেত্রকোনা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসনকে জানানোর পরও নেত্রকোনা শহরের নিউ টাউন এলাকায় রোববার রাতে একটি বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে।
এই বিয়ের বর ছিলেন পৌরসভার চকপাড়া গ্রামের রাজন (২১) এবং কনে একই এলাকার নবম শ্রেণীর এক স্কুলছাত্রী (১৫)।
'নারী প্রগতি' নামে একটি বেসরকারি সংগঠন বিয়ে আয়োজনের খবরটি প্রশাসন জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া পারভীন জানান, বিষয়টি তিনি শুনেছেন। অসুস্থ থাকায় বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দেখছেন বলে জানান তিনি।
এডিএম আবদুল আওয়াল বলেন, "স্থানীয় নারী প্রগতি সংঘের লোকজন নিউ টাউন এলাকায় একটি বাল্যবিয়ে হচ্ছে বলে আমাকে জানিয়েছিল। তবে নাম ঠিকানা স্পষ্ট করে বলতে পারেনি। বিয়ে হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না।"
জেলা প্রশাসক মো. আনিস মাহমুদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে এডিএমকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনো মডেল থানার ওসি মো. আবদুল করিম জানান, প্রশাসনের পক্ষ থেকে বিয়ে বন্ধের ব্যাপারে তিনি কোনো আদেশ পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৪ ঘ.
bdnews24