পাবনা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী রোমেলা খাতুনের জবানবন্দি গ্রহণ করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার সকালে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বিজন কুমার বড়–য়া রোমেলার জবানবন্দি নেন।
এসময় রোমেলার বাবা রিয়াজুদ্দিন (৬০), মা রোমেছা খাতুন (৫৫), হাসপাতালের সহকারী পরিচালক মনোয়ারুল আজিজসহ জেলার মানবাধিকারকর্মী ও সাংবাদিকরাও ছিলেন।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৮ নম্বর বিছানায় বসে রোমেলা পুলিশের কাছে তার ওপর পুলিশ দম্পতির চালানো নির্যাতনের বর্ণনা দেয়।
রোমেলা বলেছে, প্রতিদিনই কারণে-অকারণে গরম খুন্তি ও রুটি বানানোর বেলুন দিয়ে তাকে নির্যাতন করতো শাহেদের স্ত্রী সুইটি বেগম। নির্যাতন থেকে বাঁচতে বাড়ি আসতে চাইলেও তাকে আসতে দেওয়া হতো না, বরং হুমকি দেওয়া হতো।
"সুইটি বেগম বলতো- বাসা থেকে পালিয়ে গেলে গয়না চুরির মামলা দেবো তোর নামে। কেউ তোর পক্ষে আসবে না। এমনকি আমার স্বামী যদি নাক গলায়, তবে তোকে (রোমেলাকে) হত্যা করে লাশ গায়েব করবো। পরে ২ লাখ টাকায় সমাধান করবো," বলেছে আট বছর বয়সি রোমেলা।
যার বিরুদ্ধে রোমেলার অভিযোগ, সেই পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহেদ আলী বর্তমানে সীতাকুণ্ডে কর্মরত হলেও তার বাড়ি পাবনার সাঁথিয়ায় রোমেলার বাড়ির কাছেই। নয় মাস আগে সীতাকুণ্ডে শাহেদের বাসায় কাজ শুরু করে রোমেলা।
রোমেলার অভিযোগ, শুরু থেকেই তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলো শাহেদ ও তার স্ত্রী সুইটি বেগম। এক সপ্তাহ আগে গরম খুন্তির ছ্যাঁকা খেয়ে অসুস্থ হয়ে পড়ে রোমেলা। এরপর অভিভাবকদের ডেকে এনে অসুস্থ রোমেলাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন শাহেদ।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোমেলাকে গত বুধবার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রোমেলাকে নির্যাতনের অভিযোগে তার বাবা রিয়াজুদ্দিনের দায়ের করা মামলাটি শনিবার গ্রহণ করে সীতাকুণ্ড থানা। চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ এর তদন্ত করছে।
মামলা গ্রহণের পর শনিবার রাতে শাহেদ আলীকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয় এবং তার ছুটিও বাতিল করা হয়।
একইসঙ্গে শাহেদের স্ত্রী সুইটি বেগমের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা পাবনার সাঁথিয়া এবং তার বাপের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঠানো হয়েছে।
পুলিশ দম্পতি পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা বিজন কুমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬২২ ঘ.
bdnews24