মাদারীপুর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-মাওয়া নৌপথে ফেরি চলাচল ফের শুরু হয়েছে।
সোমবার ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিলো বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাট ব্যবস্থাপক এম. এ বাতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঘন কুয়াশায় দিক নির্দেশক বাতি, মার্কিং, সিগন্যাল ঠিকমতো কাজ না করায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর আগে দিক হারিয়ে ১২টি যান নিয়ে ফেরি কাকলী ডুবোচরে আটকে যায়। পরে আইটি জাহাজ ও একটি রো রো ফেরি ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফেরিটিকে উদ্ধার করে।
এতে কাওড়াকান্দি ঘাটে যমুনা, টাপলো এবং রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ বরকত, ফ্লাট ফেরি রানীগঞ্জ, কাবেরী, কপোতী মাঝ পদ্মায় নোঙ্গর করতে বাধ্য হয় বলেও জানান তিনি।
এম এ বাতেন বলেন, কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল ফের শুরু হয়েছে। আপাতত তেমন কোনো সমস্যা হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৩৫৩ ঘ.
bdnews24