ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ায় সেবা খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর দপ্তরে প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জ বিষয়ক অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি সেক্রেটারি রিচার্ড মার্লেসের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ থেকে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সেবিকা ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের সুযোগ করে দিতে রিচার্ডকে অনুরোধ করেন তিনি।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা বলেন।
২০০৮ সাল থেকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের পর্যবেক্ষক হিসেবে অস্ট্রেলিয়ার উপস্থিতির জন্য মার্লেসকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
সার্ককে গতিশীল করতে পর্যবেক্ষক হিসেবে অস্ট্রেলিয়া অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে অস্ট্রেলিয়া সরকারের দেড় লাখ ডলারের সহায়তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ সময় ক্রিকেটে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহায়তার কথা স্মরণ করেন তিনি।
প্রেস সচিব আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন মার্লেস।
এ সময় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ ওয়াহিদ উজ জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/পিডি/২১৩২ ঘ.
bdnews24